‘আয়না কাহিনী’ নিয়ে আসছেন ভাবনা
অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন। কিছুদিন আগে মাটি কাটা এক নারীর চরিত্রে অভিনয় করে আলোচিত হন তিনি।
সম্প্রতি অসহায় এক নারীর চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। নাটকের নাম ‘আয়না কাহিনী’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এম রহমান মিজান।
নাটকটিতে আয়না চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। নাটকে তাঁদের স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। নাটকটিতে আরো একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন স্নিগ্ধা মোমিন পালকী।
নাটকের গল্পে দেখা যাবে, নারী হিসেবে আয়না অনেক নিরুপায় হয়। বিয়ের দীর্ঘদিন পরও বাচ্চা হয় না তার। এর কারণ হিসেবে তার স্বামী তাকে দায়ী করে। তার ওপর অনেক অত্যাচার চালানো হয়। একপর্যায়ে আয়না স্বামীর বাড়ি থেকে বের হয়ে বাবার বাড়ি চলে আসে কিন্তু সেখানেও সে বেশিদিন থাকতে পারে না। কারণ দরিদ্র পঙ্গু ভাইয়ের সংসারের অভাবে তার টিকে থাকা সম্ভব হয় না। আবারও যখন স্বামীর বাড়িতে ফিরে আসে তখন সে দেখা স্বামী বিয়ে করে নতুন বউ ঘরে তুলেছে। যার বয়স অনেক কম। এরপর শুরু হয় আয়নার জীবনের নতুন সংগ্রাম। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।
নাটকটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে এনটিভি অনলাইনকে আশনা হাবিব ভাবনা বলেন, ‘আয়না, আমাদের সমাজের একটি নারীর চরিত্র। বেঁচে থাকার লড়াই তাকে প্রতি মুহূর্তে করতে হয়েছে। অপমান সহ্য করেও সে স্বামীর সংসারে পরে থাকে। এ ধরনের চরিত্রে কাজ করে ভালো লেগেছে। নাটক তো সমাজের ঘটে যাওয়া ঘটনাগুলোই তুলে ধরে। একটা চরিত্র যদি সমাজের খারাপ কিছু বদলাতে পারে তখনই নাটকটি সফল হয়। চরিত্রটি পূর্ণতা পায়। আয়না এ ধরনের একটি চরিত্র।’
পরিচালক এম রহমান মিজান জানান, দীর্ঘদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন, এবারই প্রথম সাহস করে নাটক নির্মাণ করলেন। দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষা করছেন।
‘আয়না কাহিনী’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

নাইস নূর