প্রভা-পাভেলের ‘রাত এখনো বাকি’
অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভা ও পাভেল ইসলাম রোমান্টিক একটি নাটকে অভিনয় করেছেন। ‘রাত এখনো বাকি’ নামের নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন জুয়েল। নাটকটি লিখেছেন সুস্ময় সুমন ।
নাটকটিতে আরো অভিনয় করেছেন হাসিন রওশন, রুবেল শংকর, রুমান সরোয়ার, আকাশ, উল্লাস প্রমুখ। নাটকটি আগামী শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।
নাটকটিতে জেরিন চরিত্রে প্রভা, সুতপা চরিত্রে হাসিন ও ফরহাদ চরিত্রে পাভেল ইসলাম অভিনয় করছেন।
পাভেল ইসলাম বলেন, ‘নাটকটির শুটিং অনেক আগে করেছিলাম। কাজটি করে ভালো লেগেছে। আশা করছি, দর্শকদের নাটকটি ভালো লাগবে।’
নাটকের গল্পে দেখা যাবে, জেরিন হলো ফরহাদের সাবেক স্ত্রী। আর সুতপা ফরহাদের বর্তমান স্ত্রী। আজ থেকে প্রায় পাঁচ বছর আগে ফরহাদকে ছেড়ে গিয়েছিল জেরিন ।
দীর্ঘ সময় পর জেরিনের হঠাৎ মনে হয়, এক রাতের জন্য হলেও ফরহাদকে তার চাই। আর তা না হলে সে বাঁচবে না। ফরহাদ যদি এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে আত্মহত্যা করবে জেরিন।
কী করবে এখন সুতপা? নিজের স্বামীকে এক রাতের জন্য জেরিনের কাছে পাঠাবে? ফরহাদও কী রাজি হবে এমন প্রস্তাবে? এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি।

ফিচার ডেস্ক