ঈদে আট চ্যানেলে থাকবেন বান্নাহ
প্রতিবার ঈদ উপলক্ষে তরুণ নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ একাধিক নাটক নির্মাণ করে থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ঈদ সামনে রেখে সব মিলিয়ে তিনি নয়টি নাটক নির্মাণ করেছেন। দর্শক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পর্যায়ক্রমে নাটকগুলো দেখতে পাবেন। এর মধ্যে মেহজাবিন, ইরফান সাজ্জাদ অভিনীত ‘হঠাৎ নীরার জন্য’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ১০ মিনিটে এনটিভিতে। এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা ‘নীরার জন্য’-এর ছায়া অবলম্বনে নির্মাণ করা হয়েছে।
চ্যানেল আইতে প্রচারিত হবে ‘সে সময় তুমি আমি’। নাটকটিতে অভিনয় করেছেন তাহসান, বিদ্যা সিনহা মিম, সিয়াম নাসিরসহ আরো অনেকে। সমরেশ মজুমদারের ‘গর্ভধারিণী’ উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত মারজুক রাসেল, নাদিয়া আফরিন মিম, শামীম হাসান সরকার, তামিম মৃধা প্রমুখ অভিনীত ‘মুখোশের আড়ালে’ ও জন কবির এবং মিথিলা অভিনীত ‘পে ব্যাক টু’ প্রচারিত হবে আরটিভিতে।
দীপ্ত টিভিতে প্রচারিত হবে সিয়াম, সারিকা অভিনীত ‘প্রেমপত্র’। তৌসিফ, সিয়াম নাসির, মেহজাবিন অভিনীত নাটক ‘মেছো কাত্তিক’ প্রচারিত হবে এটিএন বাংলাতে। গাজী টিভিতে বিরতিহীনভাবে প্রচারিত হবে টেলিফিল্ম ‘দ্য সিক্রেট অব হ্যাপিনেস’। এতে অভিনয় করেছেন শাওন, তামিম মৃধা, শোয়েব মনির। বৈশাখী টিভিতে প্রচারিত হবে ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ—বিবাহ বন্ধুত্বের জন্য ক্ষতিকর’। জোভান, সিয়াম নাসির, ইশানা খান, তামিম মৃধাসহ অনেকে। জোভান ও সাফা কবির অভিনীত ‘অবশেষে আমরা’ মাছরাঙা টিভিতে প্রচারিত হবে। ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৩০ মিনিটে দর্শক নাটকটি দেখতে পাবেন।
ঈদে প্রচারিত হতে যাওয়া নিজের একাধিক নাটক সম্পর্কে মাবরুর রশীদ বান্নাহ এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রতি ঈদে একাধিক কাজ করে থাকি দর্শকদের জন্য। এবারও তাই করছি। এবার ঈদে আমি কাজ করে আনন্দ পেয়েছি। কারণ চ্যানেল, প্রযোজক সবাই কাজের বিষয়ে সিরিয়াস ছিলেন। তারা খুব করে চাইছিলেন, কাজের মানটা যেন ভালো থাকে। আমিও চেষ্টা করেছি প্রতিযোগিতার বাজারে মানসম্পন্ন কাজ করার। আশা করছি, আমার প্রতিটি কাজই দর্শক পছন্দ করবেন।’

ফিচার ডেস্ক