নিশো-শার্লিনের ‘টুকরো প্রেমের বাঁধন’
অভিনয়শিল্পী আফরান নিশো ও শার্লিন ফারজানা সাবলীল অভিনয় করে পেয়েছেন দর্শকের ভালোবাসা। দুজনই দেশের ব্যস্ততম অভিনয়শিল্পী। তাঁদের অভিনীত ‘টুকরো প্রেমের বাঁধন’ নাটকটি এনটিভিতে আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি। এর চিত্রনাট্যও করেছেন তিনি নিজেই।
এনটিভি অনলাইনকে মেহেদী হাসান জনি বলেন, “আফরান নিশো ও শার্লিন ফারজানার সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। তাঁদের নিয়ে কাজ করতে সব সময় অনেক ভালো লাগে। ‘টুকরো প্রেমের বাঁধন’ নাটকের কাজের অভিজ্ঞতাও অনেক ভালো। আশা করছি, রোমান্টিক নাটকটি দর্শকের মন ছুঁয়ে যাবে।”
নাটকটিতে নিখিল চরিত্রে আফরান নিশো, আনিতা চরিত্রে শার্লিন ফারজানা ও বাশার চরিত্রে বাশার বাপ্পি অভিনয় করেছেন। এ ছাড়া নাটকটিতে আরো অভিনয় করেছেন ওমর আয়াজ অনি, আসাদুজ্জামান সোহাগ প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যাবে, আনিতাকে বাশার চিনত তার ছবিতে। বন্ধু নিখিলের কাছে বাশার আনিতার বেশ কিছু ছবি দেখেছিল। বাশারের অফিসে আনিতা চাকরির জন্য সিভি দেয়। আনিতার ইন্টারভিউ ছাড়াই বাশার তাকে নিয়োগপত্র দেয়। যদিও নিখিলকে চমকে দেওয়ার জন্য এমনটা করেছিল বাশার। মজার ব্যাপার হলো, আনিতা কিন্তু নিখিলকে চেনে না। একদিন এক মার্কেটে আনিতাকে দেখে নিখিল তার ক্যামেরার ফ্রেমে বন্দি করে। তারপর বেশ কয়েকবার তাদের দেখা হয়, কিন্তু কখনো কাছে গিয়ে কথা বলার সুযোগ হয় না। দীর্ঘ চার বছর পর আনিতাকে দেখে অবাক হয় নিখিল। এবার খুব কাছে পেয়ে বারবার কথা বলার চেষ্টা করে নিখিল। নিখিল কিছু ছবি দেখায় আনিতাকে। হঠাৎ একটা ছবি দেখে আনিতা জানতে চায়, ছেলেটাকে সে চেনে কি না। তার অতীতের পুরো ঘটনাটা নিখিলকে খুলে বলে সে।

ফিচার ডেস্ক