রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে এনটিভির আয়োজন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ রোববার বাইশে শ্রাবণ। আবার আজ বন্ধু দিবসও। কবির প্রয়াণ ও বন্ধুদিবস উপলক্ষে এনটিভিতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। চলুন দেখি নেই, কী কী অনুষ্ঠান প্রচার হবে।
বিশেষ নাটক : চারু এবং অন্যান্য
দুপুর ১টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘চারু এবং অন্যান্য’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্প অবলম্বনে বিশেষ নাটক ‘চারু এবং অন্যান্য’। তুহিন অবন্তর চিত্রনাট্য রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, বিদ্যা সিনহা সাহা মীম, মাজনুন মিজান, আজিজুল হাকিম, নির্মি মৌ প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, ‘আইনবিদ ভূপতি সারাক্ষণ ব্যস্ত থাকে ইংরেজি চর্চা আর তার প্রেস ব্যবসা নিয়ে। স্ত্রী চারুকে একেবারেই সময় দিতে পারে না সে। নিঃসঙ্গতায় ভোগে চারু, তার সময় কাটে অলসভাবে বই পড়ে। এই সংসারে থাকে ভূপতির মাসতুতো ভাই অমল। অমল সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ শেষ করেছে, এখনো বেকার। স্বাভাবিকভাবেই একে অপরকে বন্ধু করে নেয়। অমল আর চারু আড্ডার ফাঁকে ফাঁকে নানা রকম সাহিত্যচর্চায় মেতে ওঠে, বাড়ি সাজানোর নানা রকম পরিকল্পনা করতে থাকে। ধীরে ধীরে অমলের প্রতি চারুর জন্ম নেয় গভীর প্রেম, অমলের মধ্যেও প্রেম জাগে চারুর প্রতি। আর তখনই ভূপতির প্রেস ব্যবসা পড়ে হুমকির মুখে।’
বিশেষ সংগীতানুষ্ঠান : হৃদয়-বীণায় গাহি রে
বিকেল ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘হৃদয়-বীণায় গাহি রে’। মোহাম্মদ নূরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সাকিলা মৃদুলা মতিন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্যায়ের বৈচিত্র্যময় গান নিয়ে সাজানো অনুষ্ঠানে যৌথ ও এককভাবে সংগীত পরিবেশন করবেন ভারতের শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা ও বাংলাদেশের শিল্পী নূরুল ইসলাম।
বন্ধু দিবসের বিশেষ অনুষ্ঠান : বাংলালিংক ডে উইথ ফ্রেন্ডস। সরাসরি।
বন্ধু দিবস উপলক্ষে রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে আড্ডা ও সংগীত নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘বাংলালিংক ডে উইথ ফ্রেন্ডস’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে। শিল্পী আইয়ুব বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবেন সংগীতশিল্পী নকীব খান, শাফিন আহমেদ, কাজী হাবলু, টিপু ও লাবু।
বিশেষ নাটক : ডিটেকটিভ
রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত নাটক ‘ডিটেকটিভ’। তারিক মুহাম্মদ হাসানের চিত্রনাট্য রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রিয়াজ, ফারহানা মিলি, মৌটুসী বিশ্বাস, আশিক মুনির, সুজন হাবিব প্রমুখ।
গল্পে দেখা যাবে, ‘মাহিন একজন গোয়েন্দা অফিসার। ঘরে তার সুন্দরী বৌ দোহানী। দুজনের মধ্যে ভালোবাসাটা বেশ প্রবল। তবে দুজনের মধ্যে কেমন যেন একটা অদৃশ্য দেয়াল, একটা সন্দেহ ঘুরপাক খাচ্ছে। অফিসের ডিউটির বাইরেও মাহিন কিছু কাজ করে ডিটেকটিভ হিসেবে। এক সন্ধ্যায় জানালা দিয়ে নিচে তাকাতেই দেখে এক যুবক সন্দেহজনক আচরণ করছে। ঘটনাক্রমে মাহিন জানতে পারে যে ছেলেটার নাম অরুণ এবং সে একটা মেসে থাকে। এবার হয়তো একটা কুখ্যাত সন্ত্রাসীর মূল উৎপাটন করতে পারবে সে। একদিন একটা নাটক সাজায় মাহিন। নিজের মেয়ে বন্ধুকে প্রেমিকা হিসেবে পরিচয় করিয়ে দেয় পুলিশ অফিসার জয়িতাকে। মাহিনের ধারণা, একটি মেয়ের উপস্থিতি অরুণের মনের কথা বের করে আনতে পারবে।’

ফিচার ডেস্ক