হলিউড হরর থেকে ৩ডি কনসার্ট, একদিনে ঢাকার হলে ৪ সিনেমা
আগামীকাল (২৪ জুলাই) থেকে স্টার সিনেপ্লেক্সে একযোগে মুক্তি পাচ্ছে চারটি ভিন্ন ঘরানার আন্তর্জাতিক সিনেমা। হরর, সাইকোলজিক্যাল থ্রিলার, অ্যানিমেশন এবং থ্রিডি কনসার্ট ফিল্ম—সব মিলিয়ে দর্শকদের জন্য থাকছে বৈচিত্র্যময় আয়োজন।
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে বিশ্বখ্যাত হরর ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘এভিল ডেড বার্ন’। সেবাস্তিয়ান ভানিচেক পরিচালিত এই সিনেমায় এক তরুণীর পারিবারিক পুনর্মিলন কীভাবে অতিপ্রাকৃত অভিশাপে রক্তাক্ত দুঃস্বপ্নে পরিণত হয়, সেই গল্প উঠে এসেছে।
একই দিনে মুক্তি পাচ্ছে আন্দ্রে ওভ্রেডাল পরিচালিত সাইকোলজিক্যাল হরর ‘প্যাসেঞ্জার’। নির্জন মহাসড়কে একটি দুর্ঘটনার সাক্ষী হওয়ার পর এক দম্পতির জীবনে নেমে আসে রহস্যময় অতিপ্রাকৃত আতঙ্ক, যা ঘিরেই এগিয়েছে সিনেমার কাহিনি।
শিশু-কিশোর ও পারিবারিক দর্শকদের জন্য থাকছে অ্যানিমেশনভিত্তিক বিজ্ঞান কল্পকাহিনি ‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’। ভবিষ্যৎ থেকে অতীতে চলে যাওয়া চার মেধাবী শিশুর ইতিহাস ও বিজ্ঞান রক্ষার রোমাঞ্চকর অভিযানের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
অন্যদিকে সংগীতপ্রেমীদের জন্য বড় আকর্ষণ ‘বিলি আইলিশ – হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’। কিংবদন্তি নির্মাতা জেমস ক্যামেরনের থ্রিডি প্রযুক্তিতে ধারণ করা এই কনসার্ট ফিল্মে বিশ্বখ্যাত পপ তারকা বিলি আইলিশের ট্যুরের বিশেষ পরিবেশনা বড় পর্দায় উপভোগ করা যাবে।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া বিভাগের প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “আমরা সবসময়ই বাংলাদেশের দর্শকদের আন্তর্জাতিক মানের নতুন সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করি। একই দিনে রোমাঞ্চ, ভয়, বিজ্ঞান ও সংগীত—চারটি ভিন্ন স্বাদের সিনেমা মুক্তি পাচ্ছে। আশা করছি দর্শক পরিবার ও বন্ধুদের নিয়ে প্রেক্ষাগৃহে দারুণ সময় উপভোগ করবেন।”

বিনোদন ডেস্ক