এনটিভির ঈদ আয়োজনে টেলিফিল্ম ও বিশেষ নাটক
ঈদ উপলক্ষে এনটিভিতে থাকবে টানা সাতদিনের আয়োজন। আগামীকাল শনিবার ঈদের দিন এনটিভিতে বিশেষ নাটক ছাড়াও প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। চলুন দেখে নিই, ঈদের দিনে আরো কী থাকছে এনটিভির আয়োজনে।
বিশেষ টেলিফিল্ম : মেঘের আড়ালে মেঘ
দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘মেঘের আড়ালে মেঘ’। তৌকীর আহমেদের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তারিন জাহান, রওনক হাসান, জিয়াউল হাসান কিসলু, নাহিয়ান প্রমুখ।
টেলিফিল্মের গল্পে দেখা যাবে, পারুলের বিয়েটা শেষ পর্যন্ত ভেঙে গেল। মাসুদের মা ছেলের প্রেমের প্রতি সম্মান দেখিয়ে রাজিও হয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ফজল সাহেবকে ছেড়ে তাঁর স্ত্রী যখন চলে যান ১২ বছর আগে, তখন পারুল ও সেতু দুজনই ছোট। সন্তান-সংসার রেখে পারুলের মার চলে যাওয়াটা কেউই মেনে নিতে পারেনি। মাসুদ প্রায়ই যোগাযোগ করতে চায়। বড়লোকের ছেলের আবেগের এখন আর তেমন জাগতিক অর্থ পায় না পারুল। এর মধ্যে তার খালা একটি বিয়ের প্রস্তাব নিয়ে আসে, পাত্র অবস্থাশালী শামসুল আলম। মফস্বলে রড সিমেন্টের ব্যবসা। প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা হয়নি তাই দ্বিতীয় বিবাহ করতে চায় সে। পারুলের বাবা বিয়ের পক্ষে। নিরুপায় পারুল রাজি হয়ে যায়। কিন্তু বিয়ের কিছুদিনের মাথায় সে ভিন্ন শামসুল আলমকে আবিষ্কার করে। সংসার ক্রমেই একটি জেলখানা হয়ে ওঠে পারুলের কাছে। সেতু একটি চাকরি পেয়ে মালয়েশিয়ায় চলে যায়। এ সময়ই খবর আসে তার বাবার মৃত্যুর। একাকী পারুল ঢাকা আসে খালার বাড়িতে তার খালা তাকে একটা ডায়েরি দেয় তার মায়ের। পারুলের চোখ খুলে যায়।
বিশেষ নৃত্যানুষ্ঠান : মোর ভাবনারে কি হাওয়ায়
বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মোর ভাবনারে কি হাওয়ায়’। ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবেন কবিরুল ইসলাম রতন, হিরু, তানজিল, ওয়ার্দা রিহাব, ওয়াসেক, সোহাগ, লীমা, তামান্না রহমান।
৭ পর্বের ধারাবাহিক রূপকথার গল্প : যুবরাজ
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক রূপকথার গল্প ‘যুবরাজ’-এর প্রথম পর্ব। মূল পরিকল্পনা, গল্প ভাবনা ও উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন এস এম সালাহউদ্দিন। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আফরোজ রায়হান। আতিকুর রহমান বেলালের পরিচালনায় নাটকটির পর্ব পরিচালনা করেছেন মাকসুদুল হক ইমু।
মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন রিয়াজ, নিলয়, আজমেরি আশা, প্রমা আজিজ, আতাউর রহমান, ইলোরা গহর প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, ছোট জাতের জিন রন্ধলকে ভালোবাসার অপরাধে পরীস্থান থেকে নির্বাসিত হয় রানীর ছোট বোন ইস্তা। তারই অভিশাপে পরী থেকে বানরে রূপান্তরিত হয় রাজকুমারী। ১৮ বছর বয়সের মধ্যে কারো সত্যিকারের ভালোবাসা পেলে তবেই সে তার পূর্ব রূপ ফিরে পাবে। একদিন বঙ্গ সুন্দরের ছোট যুবরাজের ভালোবাসার তীর সেই বানরের কাছে পতিত হলে যুবরাজ তাকে রাজপ্রাসাদে নিয়ে যান। যুবরাজরা সাত ভাই ছিলেন। ভালোবাসার তীর নিক্ষেপ করে প্রত্যেকেই তাঁদের জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন। তাঁদের সবাই কোনো না কোনো মানবকন্যা। একমাত্র ছোট যুবরাজ এই বানরটাকে সঙ্গী করেই তাঁর বাকি জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। রাজা, রানি, মন্ত্রীসহ বাকি ছয় ভাইয়েরা তাঁকে অনেক বোঝান। কিন্তু ছোট যুবরাজ তাঁর সিদ্ধান্তে অটল।
৭ পর্বের ধারাবাহিক নাটক : অ্যাব-নরমাল
সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘অ্যাব-নরমাল’-এর প্রথম পর্ব। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, মেহজাবিন চৌধুরী, মিশু সাব্বির, ডা. এজাজ, শামীমা নাজনীন, সিফাত শাহিন, আল আমিন সবুজ, শহীদ উন নবী, মিষ্টি মারিয়া, মুনিয়া ইসলাম, তন্দ্রা, রিমি করিম, শফিক মুক্তা প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, তোফা সবকিছুতেই তার বউকে সন্দেহ করে। বউ এ্যানি এটা কিছুতেই মেনে নিতে পারছে না। প্রতিনিয়ত সব কাজের ব্যাখ্যা দিতে দিতে সে ক্লান্ত। সত্য কথা বললেও সেটা মানতে পারছে না তোফা। একসময় এ্যানি তাকে অ্যাব-নরমাল বলে তিরস্কার করলে তোফা চুপ হয়ে যায়। তোফার সন্দেহ হয়, আসলেই সে অ্যাব-নরমাল হয়ে যাচ্ছে কি না! তার পরিচিত মানুষগুলো কি ভালো আছে?
বিশেষ নাটক : তুমি আমি ও আমরা
রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘তুমি আমি ও আমরা’। মাবরুর রশিদ বান্নাহর গল্প, কাহিনীচিত্র ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মেহজাবিন, শিল্পী সরকার অপু, ইভান সাইর, জেরিন খান প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, তন্ময় ও জাবিনের সম্পর্কটা তিন বছরের। জাবিন তন্ময়ের দুই বছরের ছোট। তন্ময় যখন অনার্স ফাইনাল ইয়ারে, তখন একদিন হুট করেই জাবিন এসে তন্ময়কে জানায়, অতিদ্রুত জাবিনকে বিয়ে করতে হবে। পারলে আজই। বেচারা অপ্রস্তুত তন্ময় সেদিন জানায় সে পারবে না এখনই বিয়ে করতে। অবশেষে জাবিনের সঙ্গে সম্পর্কের আপাতত ইতি। কিছুদিন পরই জাবিনের বিয়ে ঠিক করল তার পরিবার। জাবিনের যেহেতু আর কোনো উপায় নেই, তাই সে বিয়েতে রাজিও হলো। ঠিক তখনই ঘটল আসল ঘটনা। জাবিনের ঘরে তন্ময় উপস্থিত, আর কেঁদে কেটে একবারে একাকার অবস্থা! অতঃপর তাদের পলায়নবিদ্যার প্রয়োগ এবং বিয়ে। তারপরের ঘটনা দুই বছর পরের।
মিউজিক্যাল শো : সারা দিন তোমায় ভেবে
রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ মিউজিক্যাল শো ‘সারা দিন তোমায় ভেবে’। হুমায়ূন ফরিদের প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন জনপ্রিয় শিল্পী আগুন। এ ছাড়া এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন সভ্যতা, নওরীন, সায়ান ও আরমিন।
সাত পর্বের ধারাবাহিক নাটক : নবাবের প্রেম
রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘নবাবের প্রেম’-এর প্রথম পর্ব। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, আরফান আহমেদ, শাহনাজ খুশি, মুনিরা মিঠু, নুসরাত জাহান ডায়না প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, নবাব আলী একতরফা প্রেমে পড়ে, ব্যর্থ হয়, তার ভাষায় হিট খায়, তারপর নিজেই তাকে মেন্টাল হাসপাতালে নিয়ে যেতে বলে। এমন ঘটনা অনেকবার ঘটেছে নবাব আলীর জীবনে। একের পর এক ব্যর্থ হলেও সে হাল ছাড়ে না। নবাব আলী প্রচলিত প্রস্তাবিত বিয়ের বিরোধী তাই তার বয়স পেরিয়ে গেলেও বিয়ে করা হয়ে ওঠেনি। নবাব আলীর বড় ভাই বাদশা মিয়া অবিবাহিত, বলা যায় চিরকুমার। যৌবনে কাউকে ভালোবেসে না পাওয়ায় সেই বিরহ বয়ে চলেছেন এখনো। ছোট ভাই রাজা প্রেম করে একটি মেয়ের সঙ্গে। কিন্তু মেন্টাল হাসপাতাল-ফেরত নবাব আলীর ভালোবাসার দৃষ্টি পড়ে তার ওপর। সৃষ্টি হয় জটিলতা। ওদের একমাত্র বোন সুলতানা। প্রেম করে বিয়ে হয়েছে, তবে তার স্বামী নবাবদের বাড়িতেই ঘরজামাই থাকে।
বিশেষ নাটক : গল্পটা তোমারই
রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘গল্পটা তোমারই’। মেহেদী হাসান জনির রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী, কায়েস চৌধুরী, বিরহী মুক্তার প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, প্রতিদিনের মতো আজ রাতেও সাদিফ নিজের রুমেই ব্যায়াম করে কিছু কিনবে বলে রাতেই বের হলো রাস্তায়। হঠাৎ লক্ষ করে রাস্তায় পড়ে থাকা একটা মোবাইল বাজছে। কিছু দূর যেতেই দেখল একটা মেয়ের জুতো পড়ে আছে, কিছুদূরে আরেকটা জুতো। তার সন্দেহ হওয়ায় আরেকটু এগিয়ে গিয়ে দেখে একটা মেয়ে রাস্তায় পড়ে আছে। চারপাশ খুব ভালোভাবে দেখে কাউকে না পেয়ে অবশেষে সাদিফ মেয়েটাকে নিজের বাসায় নিয়ে আসে। নিজে থাকার জায়গাটা ছেড়ে দিয়ে সেখানে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিল। সাদিফ সোফায় গিয়ে ঘুমাল। পরের দিন সকালে সাদিফ নাশতা করার সময় মেয়েটার ঘুম ভাঙল। কথায় কথায় মেয়েটার সম্পর্কে জানতে চাইল সাদিফ কিন্তু মেয়েটা কিছুই জানে না।

ফিচার ডেস্ক