নওশীনের ‘অন্ধকারের সুর’
‘কানাডা থেকে পিএইচডি শেষ করে সদ্য দেশে ফিরেছে শশী। কথা ছিল, দেশে ফিরেই প্রেমিক পার্থকে বিয়ে করবে সে। পার্থ একজন ভাস্কর্যশিল্পী। একটুও বৈষয়িক না। বিয়ে নিয়েও ছিল তার স্পষ্ট মত। তার মতে, বিয়েতে জড়ালে সংসারের দায়িত্ব নিতে হবে তাতে আর শিল্প সৃষ্টি হবে না। শশী আজ নিজেই প্রতিষ্ঠিত হয়েছে। সংসারের দায়িত্ব একাই কাঁধে নিতে পারবে। শুধু তার স্বপ্ন পার্থকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া’— এমন গল্পের একটি টেলিফিল্ম ‘অন্ধকারের সুর’।
আকরাম খানের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে শশী চরিত্রে অভিনয় করেছেন নওশীন নাহরীন। এনটিভিতে আগামীকাল শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে টেলিফিল্মটি প্রচারিত হবে।
নওশীন নাহরীন ছাড়াও এতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, দীপা খন্দকার, শাহেদ আলী সুজন প্রমুখ।
পরিচালক আকরাম খান জানান, কানাডায় পড়াশোনা করার সময় শশী তার প্রেমিকের সঙ্গে হঠাৎ কোনো যোগাযোগ করতে পারে না। মোবাইল ফোন কিংবা ফেসবুকেও পার্থকে দেখতে পায় না শশী। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই সে দেশে আবার ফিরে আসে। সব জায়গায় পার্থকে খুঁজতে থাকে সে। পার্থ নিখোঁজ হওয়ার কারণ টেলিফিল্মের শেষে দর্শক জানতে পারবেন। টেলিফিল্মটিতে ভালোবাসার একটি গল্প ছাড়াও দর্শক কিছু সামাজিক বার্তা পাবেন

ফিচার ডেস্ক