‘পালকী’ নাটকে অভিনয় করে বেশি সাড়া পাচ্ছি : তানিয়া
এ সময়ের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন তানিয়া বৃষ্টি। ২০১২ সালে ‘ভিট চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় রানার আপ হয়েছিলেন তিনি। এরপর মডেলিং, নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করছেন। সম্প্রতি অভিনয় ও অন্যান্য বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন তানিয়া।
এনটিভি অনলাইন : বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?
তানিয়া বৃষ্টি : একক নাটকের চেয়ে ধারাবাহিক নাটকের শুটিং বেশি করছি। ‘পালকী’, ‘হাউসওয়াইফ’সহ আরো বেশকিছু ধারাবাহিক নাটকের শুটিং চলছে। এ ছাড়া বেশকিছু একক নাটক প্রচারের অপেক্ষায় আছে।
এনটিভি অনলাইন : কোন নাটক থেকে বেশি সাড়া পাচ্ছেন?
তানিয়া বৃষ্টি : ‘পালকী’ নাটকে অভিনয় করে বেশি সাড়া পাচ্ছি। বাইরে বের হলে এই নাটকের প্রশংসা বেশি শুনি।
এনটিভি অনলাইন : আপনার আগে ‘পালকী’ নাটকটিতে নাম ভূমিকায় স্নিগ্ধা মোমিন অভিনয় করেছিলেন। যখন নাটকটিতে আপনি অভিনয় শুরু করলেন, তখন কোনো অসুবিধা হয়েছে কি?
তানিয়া বৃষ্টি : খুব বেশি হয়নি। নাটকের গল্প খুব ভালোভাবে শুনেছি। পরিচালক আমার চরিত্র অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। এখনো দিচ্ছেন। যে কারণে চরিত্রটিতে প্রবেশ করতে আমার সুবিধা হয়েছে। এ ছাড়া নাটকের শুরুর দিকের অনেক পর্ব আমি দেখেছিলাম। তবে শুটিংয়ের পর বুঝেছি ‘পালকী’ অনেক জনপ্রিয় নাটক। কারণ দর্শকের ভালোবাসা অনেক পাচ্ছি।
এনটিভি অনলাইন : মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। নতুন বিজ্ঞাপনের খবর আছে কি?
তানিয়া বৃষ্টি : হ্যাঁ, এটা সত্যি ক্যারিয়ারের শুরুতে বেশকিছু বিজ্ঞাপন করেছিলাম। শাকিব খানের সঙ্গেও একটি বিজ্ঞাপন করেছিলাম। বর্তমানে বিজ্ঞাপন কম করছি। তবে নতুন বিজ্ঞাপন করার কথাবার্তা চলছে।
এনটিভি অনলাইন : চলচ্চিত্রে কাজ করা কি ছেড়ে দিচ্ছেন?
তানিয়া বৃষ্টি : না। সোহানুর রহমান সোহানের ‘অবলা নারী’ ছবির কাজ শুরু করেছিলাম। ছবির শুটিং আপাতত বন্ধ আছে। এর মধ্যে নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হইনি।
এনটিভি অনলাইন : আপনি তো রিয়েলিটি শোর মাধ্যমে এসে মিডিয়ায় কাজ করা শুরু করেছেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কি লাভবান হয়েছেন?
তানিয়া বৃষ্টি : অবশ্যই। কারণ দর্শক আমাকে অনেক আগেই চিনতে পেয়েছেন। কাজের প্রস্তাবও আমি অনেক পেয়েছি। আমাকে খুব সংগ্রাম করতে হয়নি।
এনটিভি অনলাইন : আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
তানিয়া বৃষ্টি : অভিনয় করছি। এটাই ঠিকমতো করে যেতে চাই। নাটক ও চলচ্চিত্রে দুই মাধ্যমে কাজ করতে চাই। তবে ভালো গল্প, চিত্রনাট্য, পরিচালক ও কাজের পরিবেশ দেখেই কাজ করব।

নাইস নূর