নজর কাড়ছে ‘প্রিয় নামে ডেকো’
ঈদের ব্যস্ততায় অসংখ্য নাটকের ভিড়েও আলাদা করে আলোচনায় এসেছে ‘প্রিয় নামে ডেকো’। নির্মাতা প্রবীর রায় চৌধুরীর গল্প ভাবনা থেকে তৈরি এই নাটকটি মুক্তির দুই সপ্তাহের মধ্যেই ইউটিউবে প্রায় ৬০ লাখ দর্শক দেখেছেন, সঙ্গে এসেছে হাজারো প্রতিক্রিয়া।
প্রায় তিন বছর আগে এই গল্পটি মাথায় আসে প্রবীর রায় চৌধুরীর। তখন পরিকল্পনা ছিল সিনেমা নির্মাণের। তবে সময়ের বাস্তবতায় সেই গল্পই রূপ নেয় নাটকে—জোভান ও তটিনীকে নিয়ে নির্মিত হয় ‘প্রিয় নামে ডেকো’। গেল ঈদেই মুক্তি পায় এটি।
নাটকটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন আহমেদ তাওকীর ও প্রবীর রায় চৌধুরী। মুক্তির পর থেকেই দর্শকদের আবেগঘন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ বলেছেন এটি ‘ভাষায় প্রকাশ করা যায় না’, আবার কেউ মনে রেখেছেন ‘মনে রাখার মতো একটি কাজ’ হিসেবে।
অনেক দর্শক নিজের জীবনের প্রতিফলনও খুঁজে পেয়েছেন এই গল্পে। একজন লিখেছেন, তার ব্যক্তিগত জীবনের সঙ্গে নাটকের মিল রয়েছে—যেখানে ভালোবাসা, দূরত্ব আর অপেক্ষার অনুভূতি মিশে আছে।
অন্য এক দর্শকের মন্তব্যে উঠে এসেছে গল্পের নানা স্তর—দুষ্টুমি, ভালোবাসা, কষ্ট এবং শেষ পর্যন্ত সম্পর্কের পূর্ণতা। একই সঙ্গে জোভান-তটিনীর জুটিকেও আলাদা করে প্রশংসা করেছেন দর্শকরা।
এ প্রসঙ্গে নির্মাতা প্রবীর রায় চৌধুরী বলেন, ‘অনেক নাটকের ভিড়েও দর্শক এই কাজটি নিয়ে কথা বলছেন—এটাই ভালো লাগার জায়গা। সাধারণত আমি এই প্রজন্মের গল্প বলি, তবে এবার কিছুটা আগের প্রজন্মের গল্প বলার চেষ্টা করেছি। শুরুতে সন্দেহ ছিল, দর্শক কীভাবে নেবে। কিন্তু মুক্তির পর দর্শকরাই সেটি গ্রহণ করেছেন।’
চিত্রনাট্যকর আহমেদ তাওকীর জানান, দর্শকদের গঠনমূলক মন্তব্য ও প্রতিক্রিয়াই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই নাটক থেকে পাওয়া সাড়া ভবিষ্যতের কাজের জন্য অনুপ্রেরণা জোগাবে বলেও মনে করেন তিনি।

বিনোদন ডেস্ক