কাবিলার মুখে আর ইভা শুনতে পারব কি না কে জানে : পারসা ইভানা
দীর্ঘদিন পর্দার বাইরে থাকলেও দর্শকের ভালোবাসায় সিক্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন। পুরোনো স্মৃতি ও কাজের দিনগুলোর কথা মনে করে নিজের ভেতরের অনুভূতি তুলে ধরেছেন তিনি।
জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পাওয়া অভিনেত্রী পারসা ইভানা নিজের আবেগের কথা জানিয়েছেন ফেসবুকে। পোস্টে তিনি উল্লেখ করেছেন, বর্তমানে এক ধরনের ঘোরের মধ্যে আছেন এবং তাঁর বুক ভারী হয়ে এসেছে।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ২০২১ সাল তাঁর ক্যারিয়ারে বড় পরিবর্তন এনে দিয়েছিল। গত দেড় বছর পর্দায় অনুপস্থিত থাকলেও তাঁর মন যেন ২০২১ থেকে ২০২৩ সালের সেই দিনগুলোতে, বিশেষ করে শুটিংয়ের ছাদ কিংবা বাসার দরজার সামনে আটকে আছে।
দেশের নাটকের ইতিহাসে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর দীর্ঘস্থায়ী সাফল্যের কথাও উঠে এসেছে তাঁর লেখায়। ২০১৭ সালে শুরু হওয়া এই ধারাবাহিক এত লম্বা সময় ধরে দর্শকদের আগ্রহ ধরে রাখার নজির খুব কমই আছে বলে মনে করেন তিনি। নাটকের চরিত্র, সংলাপ, হাস্যরস ও আবেগপূর্ণ দৃশ্যগুলো দর্শকদের দৈনন্দিন বিনোদনের অংশ হয়ে উঠেছিল।
পোস্টে নাটকের জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু, মনিরা আক্তার মিঠু এবং অর্চিতা স্পর্শিয়াসহ অন্যান্য পরিচিত মুখের কথাও প্রসঙ্গক্রমে এসেছে।
ভবিষ্যতে নানা কাজ ও নতুন গল্পে যুক্ত হওয়ার সম্ভাবনার কথা জানালেও পারসা ইভানা আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, সেই সময়টায় আর ফেরা সম্ভব নয়। পাশাপাশি কাবিলার মুখে ‘আর ইভা’ সংলাপটি আর শোনা যাবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
সবশেষে দর্শকদের ভালোবাসা ও মনে রাখার জন্য কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ভালোবাসার জন্য সবসময় সামনে উপস্থিত থাকা জরুরি নয়, অনুপস্থিতিতেও অনেক সময় মানুষ আগের মতোই মনে থেকে যায়।

বিনোদন ডেস্ক