৩০০ বছরের দিঘির পাড়ের সেই ‘ইত্যাদি’ দেখা যাবে আজ
দেশের বিভিন্ন প্রান্তের ইতিহাস, ঐতিহ্য ও মানুষের গল্প তুলে ধরতে এবার জয়পুরহাটে বসেছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চ। জেলার কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে ধারণ করা হয়েছে এবারের পর্ব। আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে অনুষ্ঠানটি।
সপ্তদশ শতাব্দীতে খনন করা নান্দাইল দিঘির পাড়ে তৈরি করা হয়েছিল মঞ্চ। নান্দনিক আলোকসজ্জায় সাজানো মঞ্চ ঘিরে ধারণের দিন তৈরি হয় উৎসবের আমেজ। জয়পুরহাটের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে প্রিয় অনুষ্ঠানটি দেখতে হাজির হন হাজারো দর্শক। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমন্ত্রণপত্র বিতরণ করা হলেও নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। জায়গা না পেয়ে অনেকে আশপাশের ভবনের ছাদ, রাস্তা, দেয়াল এমনকি গাছের ডালেও উঠে অনুষ্ঠান উপভোগ করেন।
নব্বইয়ের দশকের শুরুতে স্টুডিওর বাইরে দেশের বিভিন্ন স্থানে গিয়ে ‘ইত্যাদি’ ধারণের উদ্যোগ নেন অনুষ্ঠানটির উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত। সেই ধারাবাহিকতায় এবার বেছে নেওয়া হয়েছে সীমান্তবর্তী জেলা জয়পুরহাটকে।
এবারের পর্বে সংগীতের আয়োজনেও থাকছে বৈচিত্র্য। জয়পুরহাটের সন্তান বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলমের কণ্ঠে শোনা যাবে তাঁর জনপ্রিয় তিনটি গানের সংকলিত পরিবেশনা। চলমান নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করবেন নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি। দুটি গানের সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
জেলার পরিচয় ও লোকসংস্কৃতি তুলে ধরতেও থাকছে বিশেষ পরিবেশনা। মনিরুজ্জামান পলাশের কথায় জয়পুরহাটের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তৈরি জেলা পরিচিতিমূলক গানটি গেয়েছেন রাশেদ ও স্বীকৃতি। উজ্জ্বল সিনহার সুর ও সংগীতায়োজনে গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় শিল্পীরা। নৃত্য পরিচালনায় ছিলেন এস কে জাহিদ।
স্থানীয় মানুষের জীবন, কাজ ও সাফল্যের গল্পও থাকছে এবারের আয়োজনে। জয়পুরহাটের কৃষি, পোলট্রি শিল্প, ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে থাকছে তথ্যভিত্তিক প্রতিবেদন। জেলার তিন বাকপ্রতিবন্ধী ভাইয়ের জীবনসংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরা হবে একটি প্রতিবেদনে। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে নিজেদের নীরবতাকে শক্তিতে পরিণত করেছেন তাঁরা।
এ ছাড়া জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের শিল্পী প্রসেনজিৎ বর্মনের কাজ নিয়েও থাকছে বিশেষ প্রতিবেদন। মাটির ক্যানভাসে ছাই দিয়ে প্রতিকৃতি আঁকেন তিনি। অন্যদিকে যশোরের কেশবপুরের লেয়াকত আলীর মানবিক উদ্যোগের গল্পও দেখানো হবে। পেশায় ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী হয়েও দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসায় নীরবে সহযোগিতা করে যাচ্ছেন তিনি।
দর্শকপর্বে এবার জয়পুরহাটের স্থানীয় পরিচিতি ও ব্র্যান্ডিং পণ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। জেলা নিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত হয়েছেন চারজন দর্শক। পরে ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে তৈরি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেছেন তাঁরা।
সমাজের নানা অসংগতি ও সমসাময়িক প্রবণতা নিয়েও থাকছে একাধিক নাট্যাংশ। দেয়ালবন্দী নাগরিক জীবন, চর্চা চাতুর্য, সেলফি সংস্কৃতি, অনলাইন প্রতারণা, কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীলতা, তোষামোদে খোশ আমোদে, ইয়েস স্যার কালচার, চটকদার শিরোনামে চটকহীন খবর, ডিজিটাল ট্রলের ট্রমা ও পর্দা সমাচারসহ বিভিন্ন বিষয় উঠে আসবে এসব পরিবেশনায়। পাশাপাশি থাকছে কাশেম টিভির রিপোর্টার ও তাঁর নাতির প্রাণবন্ত আলাপ এবং দর্শকদের চিঠিপত্র নিয়ে নিয়মিত পর্ব।
এবারের অনুষ্ঠানে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মাসুম বাশার, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাষিষ ভৌমিক, আব্দুল আজিজ, মিলি বাশার, বড়দা মিঠু, জিল্লুর রহমান, তাবেদার ই রসুল চান্নু, আমিন আজাদ, আনোয়ার শাহী, শাহেদ আলী, মামুনুল হক টুটু, নিপু, মুকুল সিরাজ, সুবর্ণা মজুমদার, আশরাফুল আলম সোহাগ, সুমন পাটোয়ারী, রাজিব সালেহীন, আনন্দ খালেদ, তারিক স্বপন, আবু হেনা রনি, এমএনইউ রাজু, নূর এ আলম নয়ন, সাবরিনা নিসা, শাওন মজুমদার, সুজাত শিমুল, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল, হানিফ পালোয়ান ও বেলাল আহমেদ মুরাদসহ অনেকে।
অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। বরাবরের মতো এবারও শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।

বিনোদন ডেস্ক