কাঞ্চনজঙ্ঘার কোলে জয়া আহসান
প্রকৃতি ও ভ্রমণপ্রেমী মানুষের কাছে কাঞ্চনজঙ্ঘার রূপ সবসময়ই এক আলাদা আবেগের নাম। সেই আবেগের ছোঁয়াই এবার পাওয়া গেল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সামাজিক মাধ্যমের পাতায়। সকালের ঝকঝকে রোদ আর পাহাড়ের স্নিগ্ধ পরিবেশে তোলা তাঁর সাম্প্রতিক ছবি ও কাব্যিক অনুভূতি মুহূর্তেই নজর কেড়েছে অনুরাগীদের।
গতকাল রোববার সকালে রৌদ্রজ্বল আবহে সামাজিক মাধ্যমে নিজের নতুন কিছু ছবি শেয়ার করেছেন জয়া আহসান। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি একটি পাহাড়ে উঠে সেখানকার প্রকৃতির মাঝে নিজেকে ফ্রেমবন্দি করেছেন এই অভিনেত্রী।
ছবিগুলোর সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘কাঞ্চন জানা কাঞ্চন ঘর, কাঞ্চনজঙ্ঘায় কাঞ্চন মন...।’ এই ছন্দময় লেখার পাশাপাশি পোস্টে যুক্ত করেছেন অঞ্জন দত্তের জনপ্রিয় গান ‘কাঞ্চন একটু ভালো করে বাঁচবো বলে’। পাহাড়ি আবহ, কাব্যিক পঙক্তি আর গানের সুর মিলে পুরো পোস্টটিতে যেন এক আলাদা প্রশান্তির আমেজ তৈরি হয়েছে।
জয়ার এই ভ্রমণ মুহূর্তের ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত ও অনুসারীরা। মন্তব্যের ঘরে অনেকেই প্রকৃতির সৌন্দর্য ও অভিনেত্রীর উপস্থিতির প্রশংসা করেছেন। ইতোমধ্যে পোস্টটিতে ১২ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে।
দুই বাংলাতেই অভিনয়গুণে সমাদৃত জয়া আহসান। দীর্ঘ অভিনয়জীবনে তিনি নাটক, টেলিভিশন ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে দর্শকদের আস্থা অর্জন করেছেন। সাবলীল অভিনয়, চরিত্রের গভীরতায় প্রবেশ করার ক্ষমতা এবং কাজের মানের কারণে তিনি দুই দেশের দর্শক ও সমালোচকদের কাছেই পরিচিত ও প্রশংসিত মুখ। কাজের ব্যস্ততার ফাঁকেও ভ্রমণ, প্রকৃতি ও শিল্প-সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে নিজের ভাবনা সামাজিক মাধ্যমে তুলে ধরতে দেখা যায় তাঁকে।

বিনোদন ডেস্ক