মিমির বিয়ের মেনুতে রাজকীয় চমক! কী ছিল তালিকায়?
দীর্ঘদিনের কৌতূহলের অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত ও গোপনীয়তায় অভ্যস্ত এই তারকার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল টলিপাড়া ও ভক্তমহলে। আইনি বিয়ে, পারিবারিক উচ্ছ্বাস, পাহাড়ে বিয়ের আনুষ্ঠানিকতা আর রকমারি ভোজের আয়োজন মিলিয়ে এখন আলোচনার কেন্দ্রে মিমি ও সিদ্ধার্থ দত্ত।
ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ের গুঞ্জন নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন মিমি চক্রবর্তী। বাইরের কৌতূহল থাকলেও নিজের জীবনের এই বড় সিদ্ধান্তের কথা আগে থেকে প্রকাশ্যে আনেননি তিনি।
অবশেষে ২৬ নভেম্বর আইনিভাবে সিদ্ধার্থ দত্তের সঙ্গে নতুন সম্পর্কে সিলমোহর দেন অভিনেত্রী। অনুষ্ঠান শেষে নিজের ও সিদ্ধার্থের কিছু আদুরে মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন মিমি। বাগদান ও আইনি বিয়ের পর্ব সেরে প্রিয় পোষ্যকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ক্যামেরার সামনে আংটিও তুলে ধরেন তিনি।
শ্বশুরবাড়ির সদস্যদের প্রশংসা আর নতুন জামাইকে নিয়ে মিমির উচ্ছ্বাসে সেদিন ছিল উৎসবের আমেজ। আইনি পর্বের পর আগামী ২ ডিসেম্বর উত্তরবঙ্গের পথে রওনা দেওয়ার কথা রয়েছে দুজনের, ৩ ডিসেম্বর কালিম্পংয়ে প্রাক-বিবাহ অনুষ্ঠান, ৫ ডিসেম্বর সাত পাক এবং ১১ ডিসেম্বর কলকাতায় ঘনিষ্ঠজনদের জন্য রিসেপশন পার্টির আয়োজন করেছেন নবদম্পতি, যার কার্ড ইতিমধ্যেই টলিপাড়ার সতীর্থদের কাছে পৌঁছে গেছে।
তারকার বিয়ে মানেই সাজপোশাকের পাশাপাশি অতিথি আপ্যায়নে রাজকীয় আয়োজনের প্রত্যাশা থাকে অনুরাগীদের। আইনি বিয়ের দিন মিমি কীভাবে সেজেছেন, তা জানার পাশাপাশি ভোজের তালিকায় কী থাকছে তা নিয়েও ছিল বাড়তি আগ্রহ। অনুষ্ঠানের ফাঁকে দুই মহিলা রাঁধুনির কথায় প্রকাশ্যে আসে এদিনের মেনুর নানা পদ, যেখানে বাঙালি ঐতিহ্য ও উৎসবের স্বাদের মেলবন্ধন দেখা যায়। ফিস ফ্রাই, ফিস ফিঙ্গার, ফিস বল, কচুরি, রাধাবল্লভী, ছোলার ডাল, পনির, আলুর দম, ছানার কোপ্তা, ফ্রায়েড রাইস, কাতলা মাছ, চিকেন, মটন থেকে শুরু করে রসগোল্লা, সন্দেশ ও আইসক্রিম সব মিলিয়ে জমকালো আপ্যায়নের ছাপ ছিল পুরো আয়োজনে।

বিনোদন ডেস্ক