লেখক ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত লেখক, প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবরটি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুকু আপা আর আমাদের মাঝে নেই। মহান আল্লাহ তাআলা তার জীবনের সকল ভুলত্রুটি ও গুনাহ ক্ষমা করে দিন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী। দেশের নাট্যাঙ্গন ও চলচ্চিত্রে সৃজনশীল কাজের মাধ্যমে পরিচিতি অর্জন করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সার ও কিডনি জটিলতায় ভুগছিলেন এই নির্মাতা।
মাতিয়া বানু শুকুর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’ ও ‘গোল্লাছুট’-এর মতো সমাদৃত টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক।
চলচ্চিত্র প্রযোজক হিসেবেও রয়েছে তার সাফল্য। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু।
তার মৃত্যুতে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এনটিভি অনলাইন ডেস্ক