কোরিয়ান ভাষা শেখাতেন বাংলাদেশে, এবার কোরিয়ায় অভিনয় শিখবেন সাগর
কোরীয় সিনেমা ও নাটকের জনপ্রিয়তা বাংলাদেশেও কম নয়। সেই দেশের অভিনয়শিল্পীদের মতো অভিনয় শেখার স্বপ্ন দেখেন অনেকেই। এবার সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেলেন বগুড়ার শিবগঞ্জের সাগর ইসলাম। দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য সিউল ইনস্টিটিউট অব দ্য আর্টসে অভিনয় বিষয়ে পড়ার সুযোগ পেয়েছেন তিনি। দাবি অনুযায়ী, প্রতিষ্ঠানটির অভিনয় বিভাগে পড়ার সুযোগ পাওয়া প্রথম বাংলাদেশি সাগর।
ভর্তি পরীক্ষায় কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে জায়গা করে নিতে হয়েছে তাঁকে। অভিনয় শাখায় ১ হাজার ৭৩৪ জন পুরুষ প্রার্থী অংশ নেন। তাঁদের মধ্য থেকে নির্বাচিত ১৮ জনের একজন সাগর। বাংলাদেশে কোরীয় ভাষা শেখানোর কাজ করেন তিনি। এবার সেই ভাষাতেই দক্ষিণ কোরিয়ায় গিয়ে শিখবেন অভিনয়।
কোরিয়ার তরুণ-তরুণীদের কাছে সিউল ইনস্টিটিউট অব দ্য আর্টসে পড়া অনেকটা স্বপ্নের মতো। প্রতিষ্ঠানটির অভিনয় বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেতা পার্ক সেও-জুন ও পার্ক জিন-জু। কোরীয় বিনোদনজগতের পরিচিত অনেক মুখই এই প্রতিষ্ঠানে অভিনয়ের পাঠ নিয়েছেন। তাঁদের পদাঙ্ক অনুসরণ করে এবার সেই বিভাগে পড়ার সুযোগ পেলেন বাংলাদেশের সাগর।
তবে অভিনয়ের সঙ্গে সাগরের পরিচয় কোরিয়ায় নয়, বাংলাদেশের মঞ্চে। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক শেষ করা এই তরুণ কলেজে অভিনয় প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। পরে জাহাঙ্গীরনগর থিয়েটারের কর্মশালায় প্রশিক্ষণ নেন। জাতীয় নাট্যশালার মঞ্চে ‘ইনকিলাব’ নাটকেও অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি কোরীয় ভাষা শেখার প্রতিও আগ্রহ ছিল সাগরের। ভাষাটি শেখার পর সেটি নিয়ে কাজও শুরু করেন। কোরীয় ভাষায় বক্তৃতা প্রতিযোগিতায় দুবার পুরস্কার পেয়েছেন। এ ছাড়া কোরীয় ভাষা দক্ষতা যাচাইয়ের পরীক্ষা টপিকে ২২৯ নম্বর পেয়ে লেভেল ৫ অর্জন করেছেন তিনি।
মঞ্চে অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পেছনেও কাজের অভিজ্ঞতা রয়েছে সাগরের। তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নো ডাইস’ পাঁচটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে নির্মাণের অভিজ্ঞতা থাকলেও অভিনয়শিল্পী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এই তরুণ।
সেই লক্ষ্যেই দক্ষিণ কোরিয়ার সিউল ইনস্টিটিউট অব দ্য আর্টসে পড়ার সুযোগকে নিজের স্বপ্নপূরণের বড় ধাপ হিসেবে দেখছেন সাগর। কোরীয় ভাষা শেখানো থেকে সেই ভাষায় অভিনয়ের পাঠ নিতে বিদেশের প্রতিষ্ঠানে জায়গা করে নেওয়া, তাঁর এই যাত্রা বাংলাদেশের তরুণ অভিনয়প্রত্যাশীদের জন্যও অনুপ্রেরণার গল্প হয়ে উঠতে পারে।

বিনোদন ডেস্ক