মুম্বাইয়ে ১৬ কোটির ফ্ল্যাট, গোয়ায় চারতলা পেন্টহাউস! কত টাকার মালিক ইমরান হাশমি?
বলিউডে দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন ইমরান হাশমি। ‘মার্ডার’, ‘জান্নাত’, ‘আওয়ারাপন’, ‘দ্য ডার্টি পিকচার’ ও ‘টাইগার থ্রি’র মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে রোম্যান্টিক চরিত্রে বেশি দেখা গেলেও এখন নানা ধরনের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি গড়ে তুলেছেন বিপুল সম্পত্তি। মুম্বাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট, গোয়ায় চারতলা পেন্টহাউস, লোনাভলায় ভিলা। সঙ্গে রয়েছে দামি গাড়ির সংগ্রহ। সব মিলিয়ে ইমরানের সম্পত্তির পরিমাণ কত?
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ১৭ আগস্ট ২০২৬-এর এক প্রতিবেদন অনুযায়ী, ইমরান হাশমির মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১০৫ কোটি রুপি। এর আগে ২০২৩ সালের ২৯ মার্চ ‘দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’ও একই পরিমাণ সম্পদের কথা জানিয়েছিল। তবে এই হিসাব বিভিন্ন সূত্রের দেওয়া অনুমান, অভিনেতার আনুষ্ঠানিক সম্পদের বিবরণ নয়।
সিনেমা ও বিজ্ঞাপন থেকে আয়
ইমরানের আয়ের বড় অংশ আসে সিনেমায় অভিনয় থেকে। ‘দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’-এর প্রতিবেদনে সিএ নলেজের তথ্য উল্লেখ করে বলা হয়েছে, একটি সিনেমায় অভিনয়ের জন্য ৫ থেকে ৬ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। সিনেমার লাভের অংশও পেয়ে থাকেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন থেকেও ভালো আয় করেন ইমরান। বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের প্রচারে অংশ নিয়ে থাকেন তিনি। একটি বিজ্ঞাপনের জন্য তাঁর পারিশ্রমিক প্রায় ২ কোটি রুপি বলে জানিয়েছে ‘দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’।
মুম্বাইয়ে ১৬ কোটির ফ্ল্যাট, গোয়ায় পেন্টহাউস
ইমরানের বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে মুম্বাইয়ের বান্দ্রায়। ‘জিকিউ ইন্ডিয়া’র তথ্য অনুযায়ী, বাড়িটির আনুমানিক দাম ১৬ কোটি রুপি। স্ত্রী পারভিন শাহানি ও ছেলে আয়ানকে নিয়ে সেখানে থাকেন অভিনেতা।
এনডিটিভির ১৫ এপ্রিল ২০২৬-এর এক প্রতিবেদনে বাড়িটির অন্দরসজ্জার কিছু তথ্য তুলে ধরা হয়েছে। বাড়িটি সাজানো হয়েছে সাদা, বাদামি ও হালকা রঙের আসবাব দিয়ে। রয়েছে ব্যক্তিগত ব্যায়ামের জায়গা, বড় পাঠাগার এবং খোলামেলা বারান্দা। বাড়িটির সাজসজ্জায় জাঁকজমকের চেয়ে সরলতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
শুধু মুম্বাই নয়, গোয়াতেও সম্পত্তি রয়েছে ইমরানের। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র ১১ আগস্ট ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে সমুদ্রের পাশে চারতলা একটি পেন্টহাউস কিনেছিলেন তিনি। বাড়িটিতে রয়েছে সুইমিং পুল, ব্যায়ামাগার ও ছাদবাগান। এর আনুমানিক মূল্য ১০ কোটি রুপির বেশি।
এ ছাড়া মহারাষ্ট্রের লোনাভলায় প্রায় ১২ কোটি রুপি মূল্যের একটি ভিলা রয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। হিমাচল প্রদেশেও তাঁর একটি বাড়ি রয়েছে বলে দাবি করা হয়েছে কয়েকটি প্রতিবেদনে। মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় বাণিজ্যিক সম্পত্তিতেও বিনিয়োগ রয়েছে অভিনেতার।
গাড়ির সংগ্রহেও কয়েক কোটি রুপি
বিলাসবহুল গাড়ির প্রতি ইমরানের বিশেষ আগ্রহ রয়েছে। তাঁর সংগ্রহে রয়েছে লাম্বরগিনি হুরাকান, মার্সিডিজ মেবাখ এস৫৬০, অডি এ৮ এল ও রেঞ্জ রোভার ভোগ।
‘দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, লাম্বরগিনি হুরাকানের দাম প্রায় ৩ কোটি ২০ লাখ রুপি, মার্সিডিজ মেবাখ এস৫৬০-এর দাম ২ কোটি ৫৭ লাখ রুপি এবং অডি এ৮ এল-এর দাম ১ কোটি ৮৮ লাখ রুপি। অন্যদিকে, রেঞ্জ রোভার ভোগের দাম প্রায় ২ কোটি ৩৯ লাখ রুপি। সব মিলিয়ে এই চারটি গাড়ির মূল্য প্রায় ১০ কোটি রুপি। তবে গাড়ির দাম মডেল ও সংস্করণভেদে পরিবর্তিত হতে পারে।
নতুন সিনেমা নিয়ে ব্যস্ততা
সম্প্রতি ইমরান হাশমি অভিনীত ‘গানমাস্টার জি৯’ মুক্তি পেয়েছে। ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে আসা এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ। নতুন এই সিনেমা নিয়ে আলোচনার মধ্যেই অভিনেতার সম্পত্তি ও বিলাসবহুল জীবনযাপনের বিষয়টি আবারও সামনে এসেছে।

বিনোদন ডেস্ক