এনটিভিতে শুরু হচ্ছে ‘বিআরবি গজল স্টার’, নিবন্ধন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত
ইসলামী সংগীতের কালজয়ী ঐতিহ্য, সমসাময়িক ধারা ও নতুন প্রজন্মের প্রতিভার সমন্বয়ে এনটিভিতে শুরু হচ্ছে ‘বিআরবি গজল স্টার’ সিজন-১। প্রজাপতি কমিউনিকেশনসের প্রযোজনায় এবং বিআরবির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ১৫ থেকে ২৫ বছর বয়সী নারী-পুরুষ।
আজ রোববার (২৯ নভেম্বর) সকালে এনটিভির স্টুডিওতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় এনটিভির বিভিন্ন বিভাগের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিযোগিতায় নিবন্ধন করা যাবে। আগ্রহীরা ফেসবুক পেজ অথবা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে নাম, বয়স ও জেলার তথ্য পাঠিয়ে নিবন্ধন করতে পারবেন। আগামী রমজানের ৩০ দিনজুড়ে এনটিভির পর্দায় প্রচারিত হবে এ আয়োজন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন শিল্পী সালাউদ্দিন আহমদ, তোফাজ্জল হোসেইন খান ও ফাতেমা তুজ জোহরা। বিচারকরা জানান, প্রতিযোগীদের কণ্ঠের পাশাপাশি সংগীতের মান ও পরিবেশনাকেও গুরুত্ব দেওয়া হবে। তাঁদের প্রত্যাশা, এ আয়োজন ইসলামী সংগীতচর্চায় নতুন আগ্রহ তৈরি করবে এবং প্রতিভাবান শিল্পীদের সামনে নিয়ে আসবে।
এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ বলেন, ছোটবেলায় রমজানের সেহরির সময় গজল শোনা যেত। সেগুলো এখন হারাতে বসেছে। তাই ইসলামী সংগীতের এ ধারা অব্যাহত রাখতে আমাদের এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি দর্শকদের সাড়া পাবে এবং নতুন প্রজন্ম ইসলামী সংগীতের ঐতিহ্যের সঙ্গে আরও পরিচিত হবে।
প্রতিযোগিতায় সেরাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম বিজয়ী পাবেন তিন লাখ টাকা, দ্বিতীয় বিজয়ী দুই লাখ টাকা এবং তৃতীয় বিজয়ী পাবেন এক লাখ টাকা। অনুষ্ঠানটি পরিচালনা করবেন এনটিভির অনুষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. নুরুজ্জামান। সংবাদ সম্মেলনে এনটিভির বিভিন্ন বিভাগের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক