মস্কো উৎসবে আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’
আবারও মস্কোর মঞ্চে বাংলাদেশের উপস্থিতি। আগামী ১৬ এপ্রিল শুরু হতে যাচ্ছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আর এই আয়োজনে জায়গা করে নিয়েছে নির্মাতা আসিফ ইসলামের নতুন সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। একই সঙ্গে উৎসবে মনোনীত হয়েছে যুবরাজ শামীমের ‘অতল’।
যাত্রাশিল্পের পরিবর্তিত বাস্তবতা নিয়ে নির্মিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ মূলত এক সময়ের জনপ্রিয় এই শিল্পমাধ্যমের ক্রমাবনতির গল্প তুলে ধরে। যেখানে দর্শকের চাহিদার চাপে ‘প্রিন্সেস’ নামের এক নৃত্যশিল্পী হয়ে ওঠে মঞ্চের কেন্দ্রবিন্দু। গল্পটি সমাজের বদলে যাওয়া রুচি ও বিনোদনের চাহিদার প্রতিফলন।
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। চরিত্রটির জন্য তাকে নিতে হয়েছে বিশেষ প্রস্তুতি—প্রায় ৯ কেজি ওজন বাড়ানোর পাশাপাশি আয়ত্ত করতে হয়েছে যাত্রার নাচ ও অভিনয়।
পরিচালক আসিফ ইসলাম জানান, শৈশবে ঢাকার প্রান্তে একটি দুর্গাপূজার মেলায় প্রথম যাত্রা দেখার অভিজ্ঞতা থেকেই এই গল্পের বীজ বোনা। পরে ২০১৮ সালে আবার যাত্রা দেখে তিনি উপলব্ধি করেন, সময়ের সঙ্গে এই শিল্পের রূপ অনেকটাই বদলে গেছে—সেই বাস্তবতাই উঠে এসেছে তার নির্মাণে।
তিনি আরও বলেন, ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ একটি প্রতিবিম্ব, যেখানে আজকের যাত্রাশিল্পের ভঙ্গুর চিত্র তুলে ধরা হয়েছে। সিনেমাটির বিশেষ দিক হলো—এতে যাত্রাশিল্পীদের ভূমিকায় অভিনয় করেছেন বাস্তবের যাত্রাশিল্পীরাই।
জানা গেছে, উৎসবের প্রতিযোগিতা শাখার বাইরে ‘আর্টকোর’ বিভাগে প্রদর্শিত হবে সিনেমাটি। এর আগে আসিফ ইসলামের ‘নির্বাণ’ ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছিল।
এবারও সেই মঞ্চে নতুন কাজ নিয়ে ফিরছেন নির্মাতা। ইতোমধ্যে মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন আসিফ ইসলাম, আশনা হাবিব ভাবনা এবং প্রযোজক জান্নাতুল বাকের খান।

বিনোদন ডেস্ক