মাসুদ সেজানের তারকাবহুল নাটক ‘ডুগডুগি’
দেশের জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান নির্মাণ করেছেন নতুন ধারাবাহিক নাটক ‘ডুগডুগি’। আগামী ৩০ অক্টোবর থেকে এনটিভিতে প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে নাটকটি প্রচারিত হবে।
তারকাবহুল নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সানজিদা প্রীতি, ডা. এজাজ, আজমেরী হক বাঁধন, মিশু সাব্বির, মৌটুসী বিশ্বাস, আব্দুল্লাহ রানা, শাহনাজ খুশী, সাহেদ আলী সুজন, শামীমা নাজনীন, শর্মীমালা, মুকুল সিরাজ, সিফাত শাহরি ন, সাজ্জাদ হুসাইন, হায়দার কবীর মিথুন, শফিক মুক্তা, আল আমিন সবুজ প্রমুখ।
নাটকটিতে আহসান কবির চরিত্রে চঞ্চল চৌধুরী ও রেহনুমা চরিত্রে সানজিদা প্রীতি অভিনয় করেছেন। নাটকটির গল্পে দেখা যাবে, ‘আহসান কবির একটি টিউশনি করার পাশাপাশি লিফলেট বিলি করে। তার ধারণা লিফলেটে যে ১০টি পয়েন্ট আছে, সবাই যদি তা মেনে চলে তাহলে আমাদের চারপাশটা অনেক সুন্দর হবে। লিফলেট বিলি করতে গিয়েই তাকে নানা হয়রানির মধ্যে পড়তে হয়।

অন্যদিকে, রেহনুমা একটি শোধনাগারে কাজ করে। প্রতিষ্ঠানটি মনে করে, মানুষের অসুখ তিন প্রকার- শারীরিক, মানসিক ও সামাজিক। প্রথম দুটি রোগের প্রতিকারের ব্যবস্থা থাকলেও সামাজিক ব্যাধির কোনো কার্যকর প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কার করা যায়নি। এই ব্যাধিটি নিয়েই তারা কাউন্সিলিং করে। কবির ও রেহনুমার মূল কর্মকাণ্ড একই সুতোতে গাঁথা। ’
মাসুদ সেজান পরিচালিত প্রথম ধারাবাহিক নাটক ‘এইম ইন লাইফ’ এনটিভিতে প্রচারিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর এনটিভিতে প্রচারিত হবে তাঁর নতুন ধারাবাহিক নাটক ‘ডুগডুগি’। নাটকটি নিয়ে তিনি আশাবাদী বলে জানান।

ফিচার ডেস্ক