ভাইয়ের পরিচালনায় কাজ করছেন বরুন ধাওয়ান
এমন সৌভাগ্য কজন অভিনেতার হয়! বাবা পরিচালক, ভাইও পরিচালক। তবে বলিউডে বরুন ধাওয়ানের পথচলা করন জোহরের হাত ধরে ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে। এরপর বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় ২০১৪ সালে মুক্তি পায় ‘ম্যায় তেরা হিরো’। বাবা-ছেলের জুটি সুপারহিট।
এবার বড় ভাই রোহিত ধাওয়ানের পরিচালনায় কাজ করছেন বরুন। এর আগে অক্ষয় কুমার এবং জন আব্রাহামকে নিয়ে ‘দেশি বয়েজ’ ছবিটি পরিচালনা করেছিলেন রোহিত। এখন নতুন ছবি ‘ঢিশুম’-এর শুটিং করছেন মরোক্কোতে। এ খবর জানিয়েছে এনডিটিভি।
‘ঢিশুম’ ছবিতে আরো রয়েছেন জন আব্রাহাম ও জ্যাকলিন ফার্নান্দেজ। অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম ‘ঢিশুম’ প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
বরুনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘এবিসিডি ২’ বক্স অফিসে দারুণ সফল। এ নিয়ে বলিউডে ক্যারিয়ারের প্রথম পাঁচটি সুপারহিট ছবি উপহার দিয়ে ইন্ডাস্ট্রিতে আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন বরুন। এখন তিনি কাজ করছেন রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবিতে।

ফাহিম ইবনে সারওয়ার