সুমাইয়া শিমু ও শ্যামলের ‘সন্তান’
“একটি সামাজিক ও পারিবারিক গল্পের নাটক ‘সন্তান’। নাটকটিতে সুমাইয়া শিমু ও শ্যামল মওলা দারুণ অভিনয় করেছেন। চরিত্রের সঙ্গে তাঁদের মানিয়েছেও বেশ। নাটকটি অনেক বাস্তবধর্মী।” কথাগুলো এনটিভি অনলাইনকে বলেছেন নাট্যকার আহসান হাবিব সকাল।
‘সন্তান’ নাটকটি নিয়ে বেশ আশাবাদী সকাল। নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ রুবেল আহমেদ।
নাটকে সুমাইয়া শিমু রাহি ও শ্যামল মওলা আদনান চরিত্রে অভিনয় করেছেন। এর গল্পে দেখা যাবে, ‘ভালোবেসে রাহিকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় আদনান। মাকে পছন্দের পাত্রীর কথা জানায় সে। রাহির সঙ্গে দেখা করতে চায় আদনানের মা। আদনানের কথামতো রাহি তার মায়ের সঙ্গে একাকী দেখা করে। মায়ের সঙ্গে কথা বলে সেদিন একাই বাসায় ফিরে রাহি। এর কিছুদিন পর আদনানের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখে না রাহি। আদনান বুঝতে পারে না, কেন রাহি তার সঙ্গে এ রকম ব্যবহার করছে। বাসায় এসে সে মার কাছে জানতে চায়, ঠিক কী কারণে রাহি তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারে। আদনানের ধারণা, তার মা এর কারণ বলতে পারবেন। এভাবে অনেক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।
নাটকটিতে সুমাইয়া শিমু, শ্যামল মওলা ছাড়াও আরো অভিনয় করেছেন শেলি আহসান, আবদুল্লাহ রানা প্রমুখ।
মীরা মাল্টিমিডিয়া ব্যানারে নির্মিত নাটকটি আজ শুক্রবার রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে।

ফিচার ডেস্ক