নিজের অভিনয় গুরুর প্রতি শ্রদ্ধা জানালেন চঞ্চল চৌধুরী, কী লিখলেন অভিনেতা
বাংলাদেশের অভিনয়জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও নিজের সাফল্যের পেছনে যাঁদের অবদান, তাঁদের ভুলে যাননি তিনি। গুরু পূর্ণিমা উপলক্ষে অভিনয়গুরু বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেতা।
গতকাল বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন চঞ্চল। সেখানে তিনি জীবনের বিভিন্ন পর্যায়ে গুরুর গুরুত্ব তুলে ধরে লেখেন, ‘পিতা গুরু, মাতা গুরু, গুরু বোন, ভাই…. শিক্ষা গুরু, দীক্ষা গুরু, গুরুর অভাব নাই। প্রতি পদেই গুরু থাকেন, চিনে নিতে হয়। সৃষ্টিকর্তা মহান গুরু, তাঁরে ছাড়া নয়। পেশার গুরু, নেশার গুরু- গুরু থাকাই চাই। অভিনয়ের গুরু আমার মামুনুর রশীদ ভাই। সকল গুরুকে গুরু পূর্ণিমার বিনম্র শ্রদ্ধা।’
এই পোস্টের সঙ্গে মামুনুর রশীদের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেন চঞ্চল, যা মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে।
চঞ্চলের এই শ্রদ্ধাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। মন্তব্যের ঘরে অনেকেই গুরু-শিষ্যের এমন আন্তরিক সম্পর্কের প্রশংসা করেন এবং মামুনুর রশীদের প্রতি চঞ্চলের সম্মানবোধকে অনুকরণীয় বলে অভিহিত করেন।
গুরু পূর্ণিমার দিনে দেশের নাট্যাঙ্গনের অন্যতম প্রথিতযশা ব্যক্তিত্ব মামুনুর রশীদের প্রতি চঞ্চল চৌধুরীর এই ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ সাংস্কৃতিক অঙ্গনেও ইতিবাচক সাড়া ফেলেছে।

বিনোদন ডেস্ক