হয়ে গেল ‘মাস্তান পুলিশ’-এর মহরত
গতকাল ঢাকার একটি রেস্তোরাঁয় হয়ে গেল রকিবুল ইসলাম পরিচালিত ‘মাস্তান পুলিশ’ ছবির মহরত। চিত্রনায়ক মারুফের সাথে নতুন মুখ তানিন সুবহা এবং নায়ক আশিকের সাথে অভিষেক হচ্ছে অঞ্জলির। আগামী নভেম্বর মাসে শুরু হতে যাচ্ছে ছবির শুটিং।
এ বিষয়ে নায়ক আশিক চৌধুরী বলেন, ‘আমার খুব ভালো লাগছে যে, এই ধরনের একটি ছবিতে কাজ করছি। গল্পে দেখা যাবে, আমি একটি ইউনিভার্সিটির ছাত্র, ঘটনাচক্রে হয়ে যাই মাস্তান। এই ছবিতে পুলিশের ভূমিকায় কাজ করছেন নায়ক মারুফ। তিনি দেখেন যে, আমি মাস্তানি করলেও ভালো বিষয়ের পক্ষে কাজ করি। এক সময় মারুফ ভাই আমাকে সাপোর্ট দিতে থাকেন। আসলে এর আগে আমি যতগুলো ছবিতে কাজ করেছি তার সবই রোমান্টিক ছবি, এই প্রথম আমি কোনো অ্যাকশন ছবিতে কাজ করছি। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। নিজেকে সব ধরনের ছবিতে কাজে লাগাতে চাই। এর আগে আমি থিয়েটারে কাজ করেছি। অভিনয়ের মজাটা আসলে নিজের কাছে। ভিন্ন ধরনের কাজ করার মধ্যে আমি বিষয়টি উপভোগ করি। আশা করি দর্শকদের সামনে নতুন ভাবে হাজির হব এই ছবির মধ্য দিয়ে।’
২০১৪ সালে ‘দুটি মনের পাগলী’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে আশিক চৌধুরীর। এ যাবৎ তাঁর তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। তাঁর নতুন ছবি ‘স্বর্গ থেকে নরক’ নভেম্বরে মুক্তি পাবে। এ ছাড়া ‘ফিফটি ফিফটি লাভ’ ছবির কাজ চলছে, আরো হাতে রয়েছে ‘মিশন কক্সবাজার’ ও ‘ফুটপাতের মানুষ’সহ আরো কয়েকটি ছবির কাজ।

মাজহার বাবু