স্টার সিনেপ্লেক্সে ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’ সিনেমার মুক্তি অনিশ্চিত
ঈদকে ঘিরে দেশের প্রেক্ষাগৃহগুলো যখন জমজমাট আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) জমা দিতে দেরি হওয়ায় নতুন জটিলতায় পড়েছে স্টার সিনেপ্লেক্স। সময়মতো ডিসিপি না পৌঁছানোয় ঈদের কয়েকটি আলোচিত সিনেমার শো-সূচি প্রকাশ ও অগ্রিম টিকিট বিক্রি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
মঙ্গলবার বিকেল পর্যন্ত ঈদের বেশিরভাগ সিনেমার ডিসিপি সিনেপ্লেক্সে পৌঁছায়নি বলে জানা যায়। পরে ধাপে ধাপে ‘রইদ’, ‘মালিক’, ‘পিনিক’ ও বনলতা সেন সিনেমার ডিসিপি জমা পড়ে। ফলে এসব সিনেমার প্রদর্শনী নিয়ে আপাতত কোনো জটিলতা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে বুধবার দুপুর পর্যন্ত আলোচিত দুই সিনেমা ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’র ডিসিপি এখনও সিনেপ্লেক্সে পৌঁছেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা ও মিডিয়া ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘রইদ, মালিক, পিনিক ও বনলতা সেনের ডিসিপি আমরা পেয়েছি। কিন্তু রকস্টার ও মাসুদ রানার ডিসিপি এখনও হাতে আসেনি।’
তিনি আরও বলেন, গত ঈদের অভিজ্ঞতার পর নির্মাতাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। সময়মতো ডিসিপি না এলে শো পরিচালনা করা কঠিন হয়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, ‘এখন কিছু হলেই সবাই সিনেপ্লেক্সকে দোষ দেয়। কিন্তু নির্ধারিত সময়ে ডিসিপি না এলে বা সেটি সার্ভারের সঙ্গে সমন্বয় না হলে আমরা শো কীভাবে চালাব?’
গত ঈদের মতো এবারও ডিসিপি-সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে রকস্টার সিনেমার সহ-প্রযোজক রিজুতি আহমেদ স্বর্ণা জানান, শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করতে দেরি হওয়ায় ডিসিপি জমা দিতে বিলম্ব হয়েছে। তবে খুব দ্রুতই সেটি সিনেপ্লেক্সে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে মাসুদ রানা-র প্রযোজক আব্দুল আজিজ বলেন, অতিরিক্ত শুটিং ও শেষ মুহূর্তের কিছু কাজের কারণেই দেরি হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই ডিসিপি জমা দেওয়া হবে।
কোনো সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য ডিসিপি সরবরাহ বাধ্যতামূলক। এতে সামান্য প্রযুক্তিগত ত্রুটি থাকলেও নতুন করে পুরো প্যাকেজ তৈরি করতে হয়, যা বেশ সময়সাপেক্ষ। গত ঈদেও একই ধরনের সমস্যায় পড়েছিল প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। এবারও সেই শঙ্কা পুরোপুরি কাটেনি।

বিনোদন ডেস্ক