জন্মদিনে শাহরুখের ‘কিং’ সিনেমার প্রথম গান প্রকাশ
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬১তম জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছেন ‘কিং’ সিনেমার নির্মাতারা। অভিনেতার জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমাটির প্রথম গান ‘তু মিল যায়ে’। রোমান্টিক ঘরানার গানটিতে শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করেছেন দীপিকা পাড়ুকোন। তবে গানটির সবচেয়ে বড় চমক ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান ও ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের যৌথ অংশগ্রহণ। গানটির সুর করেছেন শচীন-জিগার।
প্রকাশের পরপরই গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা। বিশেষ করে শাহরুখ-দীপিকার রসায়ন এবং এড শিরান-অরিজিৎ সিংয়ের ব্যতিক্রমী সংগীত-সমন্বয় নিয়ে চলছে আলোচনা। গানে দুজনের রোমান্টিক মুহূর্ত দেখে অনেকেই স্মরণ করছেন শাহরুখ-দীপিকা অভিনীত ‘ওম শান্তি ওম’ সিনেমার কথা। পাশাপাশি গানে শাহরুখের সুঠাম শারীরিক গঠনও নজর কেড়েছে দর্শকদের।
এদিকে জন্মদিনে শাহরুখের জন্য বিশেষ আয়োজনও করেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল। মুম্বাইয়ের বান্দ্রা-ওরলি সি লিংকে প্রদর্শন করা হয়েছে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর বিশেষ প্রচারণামূলক স্থাপনা। গভীর রাতে গাড়ি নিয়ে বেরিয়ে সেই আয়োজন দেখতে যান অভিনেতা। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রদর্শনীর ছবি প্রকাশ করে গুগল জেমিনিকে ধন্যবাদ জানান তিনি।
পোস্টে শাহরুখ লেখেন, ‘দোস্ত হো তো গুগল জেমিনি জ্যায়সা।’ অর্থাৎ বন্ধু হলে গুগল জেমিনির মতো হওয়া উচিত। এমন বিশাল আয়োজনের মাধ্যমে ভালোবাসা প্রকাশের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি মজার ছলে বলেন, সিনেমাটি তোলার জন্য তাঁকে লুকিয়ে গাড়ি নিয়ে বের হতে হয়েছিল।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, রানী মুখার্জি ও সুহানা খানসহ আরও অনেকে।

বিনোদন ডেস্ক