ক্যানসারের খবর জানার পর বিয়ে, ১৫ মিনিটেই সাতপাকে হিনা খান!
দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক। এত বছর একসঙ্গে থাকলেও বিয়ের পরিকল্পনা ছিল না ভারতীয় অভিনেত্রী হিনা খান ও রকি জয়সওয়ালের। কিন্তু ক্যানসার আক্রান্ত হওয়ার পর জীবনের অনিশ্চয়তা বদলে দেয় তাঁদের সিদ্ধান্ত। অসুস্থতার মধ্যেই দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করেন হিনা। আর সেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছিল মাত্র ১৫ মিনিটেরও কম সময়ে।
সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার অনুষ্ঠান ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’তে অতিথি হয়ে নিজের বিয়ের গল্প শুনিয়েছেন হিনা। সেখানে তিনি জানান, বিয়ের সিদ্ধান্তটি ছিল একেবারেই আকস্মিক। আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না তাঁদের।
হিনা বলেন, রকির সঙ্গে তাঁর সম্পর্ক ১০ বছরেরও বেশি সময়ের। এখন তা ১৩-১৪ বছরে গড়িয়েছে। কিন্তু বিয়ের কথা কখনো ভাবেননি তাঁরা। তবে তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অনিশ্চয়তা তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করে।
অভিনেত্রী জানান, সেই সময় রকিকে দুটি বিকল্প দিয়েছিলেন তিনি। হয় রকি নিজের জীবন নতুন করে শুরু করে অন্য কাউকে বিয়ে করবেন, নয়তো তাঁকেই বিয়ে করবেন। কারণ, পরদিন কী হবে, তা তিনি জানতেন না। হিনার প্রস্তাবে সম্মতি জানান রকি। এরপর আর দেরি করেননি তাঁরা।
অনুষ্ঠানে বিয়ের দিনের একটি ছবি দেখে স্মৃতিচারণা করেন হিনা। সানিয়া মির্জা জানতে চান, সত্যিই কি মাত্র ১৫ মিনিটে তাঁদের বিয়ে হয়েছিল? উত্তরে হিনা জানান, ১৫ মিনিটও নয়, তার চেয়েও কম সময়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছিল।
২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন হিনা ও রকি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। সে সময় তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল অভিনেত্রীর।
এ ছাড়া অনুষ্ঠানে হিনা জানান, বিয়ের পর তাঁদের সম্পর্কে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। এমনকি প্রথম বিবাহবার্ষিকীর কথাও ভুলে গিয়েছিলেন দুজন। পরে পরিবারের সদস্য ও পরিচিতজনদের শুভেচ্ছা পেয়ে দিনটির কথা মনে পড়ে তাঁদের।

বিনোদন ডেস্ক