রাজনীতিতে আসছেন ধানুশ?
দক্ষিণ ভারতের রাজনীতিতে অভিনেতা বিজয়ের প্রবেশের পর এবার আরেক জনপ্রিয় অভিনেতা ধানুশকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। রাজনীতিতে আসতে পারেন এই অভিনেতা, এমন গুঞ্জন ছড়িয়েছে তাঁর ভক্তদের সংগঠনের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি ধানুশ।
সম্প্রতি নিজের ভক্তদের সংগঠন ‘ধানুশ নারপানি মন্দ্রম’-এর নাম পরিবর্তন করে ‘ধানুশ নারপানি ইয়াক্কাম’ রাখা হয়েছে। পাশাপাশি সংগঠনটির কার্যক্রমও বাড়ানো হচ্ছে। আগামী বছরের জানুয়ারির মধ্যে তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা এলাকায় শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে শিক্ষাকেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। সাধারণ মানুষের আইনি সহায়তায় আইনজীবী নিয়োগের উদ্যোগও নেওয়া হচ্ছে। এসব তথ্য জানিয়েছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।
গত ২৫ অক্টোবর চেন্নাইয়ের কাছে একটি বেসরকারি কলেজে সংগঠনের প্রায় আড়াই হাজার নারী সদস্যের সঙ্গে বৈঠক করেন ধানুশ। তাঁদের সঙ্গে ছবি তোলেন এবং দীপাবলি উপলক্ষে উপহার দেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওই অনুষ্ঠানে রাজনীতি নিয়ে কোনো বক্তব্য দেননি অভিনেতা।
এদিকে ধানুশের রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে। কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এ বিষয়ে মন্তব্য করেছেন। তবে নতুন রাজনৈতিক দল গঠন কিংবা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ধানুশের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি।
অন্যদিকে ধানুশের আগামী সিনেমা ‘ওএম’-এর পরিচালক রাজকুমার পেরিয়াসামি জানিয়েছেন, অভিনেতা এখন সিনেমার কাজ নিয়েই ব্যস্ত। তাঁর হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ধানুশের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে তিনি কিছু জানেন না বলেও উল্লেখ করেছেন। এ তথ্য প্রকাশ করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
সব মিলিয়ে ভক্তদের সংগঠনের নতুন তৎপরতায় ধানুশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে রাজনীতিতে তাঁর প্রবেশের বিষয়টি এখনো জল্পনার পর্যায়েই রয়েছে।

বিনোদন ডেস্ক