ব্রেকআপ হয়েছে ধানুশ-ম্রুণালের?
দক্ষিণ ভারতীয় তারকা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল বিনোদন অঙ্গনে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়া, পারস্পরিক ঘনিষ্ঠতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আলোচনা—সব মিলিয়ে দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছিল। যদিও এ বিষয়ে কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ধানুশ বা ম্রুণাল।
এরই মধ্যে নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করার আগেই নাকি আলাদা হয়ে গেছেন এই দুই তারকা।
ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে চলা সম্পর্কের গুঞ্জনের পর ধানুশ ও ম্রুণাল ঠাকুরের কথিত সম্পর্কের ইতি ঘটেছে। বর্তমানে তাঁরা নিজেদের ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাঁদের বিচ্ছেদের কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ধানুশ ও ম্রুণালকে ঘিরে আলোচনার সূত্রপাত হয় বিভিন্ন অনুষ্ঠান ও বিশেষ আয়োজনে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর। বিশেষ করে ‘সন অব সরদার ২’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে ধানুশের উপস্থিতি এবং এর আগে ‘তেরে ইশক ম্যায়’–সংক্রান্ত এক আয়োজনে ম্রুণালের অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে।
তবে সম্পর্কের গুঞ্জন যতই জোরালো হোক না কেন, দুজনের কেউই কখনো বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি। ফলে সাম্প্রতিক বিচ্ছেদের দাবিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
ব্যক্তিগত জীবনে ধানুশ ২০০৪ সালে ঐশ্বর্য রজনীকান্তকে বিয়ে করেন। দীর্ঘ ১৮ বছরের সংসার জীবনের পর ২০২২ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। তাঁদের দুই ছেলে—যাত্রা ও লিঙ্গা।
কাজের ক্ষেত্রে সম্প্রতি ‘কারা’ নামের একটি অ্যাকশন-থ্রিলারে দেখা গেছে ধানুশকে। বিগনেশ রাজা পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন মমিতা বাইজু ও কে এস রবিকুমার। বর্তমানে তিনি ব্যস্ত ‘ওম’ ছবির কাজ নিয়ে। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন মামুট্টি, শ্রীলীলা ও সাই পল্লবী। আগামী ১৬ অক্টোবর ছবিটি মুক্তির কথা রয়েছে।
অন্যদিকে ম্রুণাল ঠাকুরকে সর্বশেষ দেখা গেছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিতে। এ ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে আছেন বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ে।

বিনোদন ডেস্ক