প্রয়াত পাগল হাসানের গানে কণ্ঠ দিলেন কাজী শুভ
দেশের লোক ও আধ্যাত্মিক গানের জগতে পরিচিত নাম পাগল হাসান। মাত্র ৩৩ বছর বয়সে ২০২৪ সালের এপ্রিলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই শিল্পী। তবে রেখে গেছেন অসংখ্য গান, যার অনেকগুলোই অন্য শিল্পীদের কণ্ঠে শ্রোতাদের কাছে পৌঁছেছে। এবার তাঁরই লেখা ও সুর করা একটি গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী কাজী শুভ।
গানটির শিরোনাম ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশিত হয়েছে গানটি। এর কথা ও সুর করেছেন প্রয়াত সাধক পাগল হাসান। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।
গানটির ভিডিওতে ভালোবাসা ও বিচ্ছেদের গল্প তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। পাশাপাশি ভিডিওতে দেখা গেছে কাজী শুভকেও।
গানটি নিয়ে কাজী শুভ বলেন, “প্রয়াত পাগল হাসানের গানের প্রতি আমার আলাদা একটা টান ও মায়া আছে। পাগল হাসান জীবিত থাকতেই আমি গানটি নিয়েছিলাম। পরবর্তীতে গানটি আমার প্রকাশিত ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’ তে যুক্ত করি। প্রেমের আক্ষেপ আর বিচ্ছেদের হাহাকার মিশে আছে গানটির কথায়। আশা করছি, গানটি শ্রোতাদের হৃদয়ে গভীর দাগ কেটে যাবে।”
ডিএমএস জানিয়েছে, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি-বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে।

বিনোদন ডেস্ক