১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
দীর্ঘ ১০ বছর পর একক ডিজিটাল অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে ফিরছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। ‘কেউ বুঝলো না’ শিরোনামের অ্যালবামটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। নয়টি গান দিয়ে সাজানো হয়েছে বিশেষ এই আয়োজন।
বর্তমানে অডিও অ্যালবামের প্রচলিত ধারা অনেকটাই বদলে গেছে। একক অ্যালবামের বদলে একক গান প্রকাশের প্রবণতাই বেশি। এমন সময়ে আবারও পূর্ণাঙ্গ ডিজিটাল অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে ডিএমএস। তাদের নতুন এই উদ্যোগের প্রথম অ্যালবাম হিসেবে আসছে কাজী শুভর ‘কেউ বুঝলো না’।
অ্যালবামের নয়টি গানে থাকছে ভিন্ন ভিন্ন স্বাদের গান। গানগুলো লিখেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সলাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন বাবু, আলামিন সরকার ও হানিফ খান।
গানগুলোর সুর করেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, কাজী শুভ, জিসান খান শুভ, হুমায়ুন কবির, আলামিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ, আহমেদ সজীব ও আদিব কবীর। অ্যালবামের একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা।
দীর্ঘ বিরতির পর একক অ্যালবাম প্রকাশের খবরে উচ্ছ্বসিত কাজী শুভ। তিনি বলেন, ‘দীর্ঘ বছর পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের। অডিওর এই খারাপ সময়ে ধ্রুব দা যে ঝুঁকিটা নিয়েছেন, তার জন্য দাদার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নিঃসন্দেহে এটি একটি ব্যতিক্রমী ও ভালো উদ্যোগ। কারণ তার এই উদ্যোগ দেশের অডিও শিল্পকে আরও সমৃদ্ধ করবে।’
অ্যালবামের প্রতিটি গান আলাদা স্বাদে তৈরি করার চেষ্টা করেছেন জানিয়ে কাজী শুভ বলেন, ‘অ্যালবামে যারা কাজ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। অ্যালবামের নয়টি গানই নয় রকমভাবে করার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’
বাংলা গানের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমএসের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ। তিনি বলেন, ‘বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডিএমএস। সময়ের প্রবল স্রোতে যখন শ্রুতির জগত ক্রমশ দৃশ্যের কাছে তার পরিসর হারাচ্ছে, তখন বাংলা গানের স্বকীয়তা, ঐতিহ্য ও মায়াময় আবেশকে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নতুন করে শ্রোতাদের মধ্যে বাংলা গান নিয়ে আগ্রহ তৈরি করবে বলে আমি বিশ্বাস করি।’
ডিএমএস সূত্রে জানা গেছে, শিগগিরই ইউটিউব, স্পটিফাইসহ দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ করা হবে ‘কেউ বুঝলো না’।

বিনোদন ডেস্ক