লেখাপড়ার জন্য ‘তালাশ’ থেকে সরে দাঁড়ালেন বাপ্পি
সৈকত নাসিরের পরিচালনায় যৌথ প্রযোজনার ছবি ‘তালাশ’ থেকে সরে দাঁড়ালেন নায়ক বাপ্পি চৌধুরী। চিত্রনায়িকা বিপাশা কবিরের বিপরীতে ছবিটিতে কাজ করার কথা ছিল বাপ্পি চৌধুরী ও এ বি এম সুমনের। কিন্তু হঠাৎ করেই ছবিটিতে অভিনয় করা থেকে সরে দাঁড়ালেন বাপ্পি।
নিজের সিদ্ধান্ত সম্পর্কে এনটিভি অনলাইনকে বাপ্পি বলেন, “বিজনেস জার্নালিজম’ বিষয়ে তৃতীয় বর্ষে পড়াশোনা করছি। এই সময়টা লেখাপড়ায় দিতে চাই , ‘বাজে ছেলে’ ছবির শুটিং করছি টানা। আজও এফডিসিতে শুটিং করছি। এখন যদি ‘তালাশ’ ছবিতেও টানা শুটিং করি তাহলে আর পাস করতে পারব না। মাঝে অনেকদিন পড়াশোনা থেকে আমি বিরতিতে ছিলাম। এখন পুরোদমে পড়াশোনা নিয়ে ব্যস্ত হতে চাই। এই বছরটা কাজে লাগাতে চাই। সপ্তাহে চারদিন আমাকে ক্লাস করতে হয়। ‘তালাশ’ ছবিটির শুটিংয়ের সম্পূর্ণ পটভূমি ঢাকার বাইরে। ছবিটিতে কাজ করতে হলে ঢাকার বাইরে আমাকে অনেকদিন থাকতে হবে। যার কারণে আমি ক্লাস করতে পারব না। তাই ছবিটিতে কাজ করতে পারছি না। আপাতত পড়াশোনার জন্য কোনো কিছুতেই ছাড় দিচ্ছি না।”

জাজ মাল্টিমিডিয়া আপনাকে চলচ্চিত্রে নিয়ে এসেছে অথচ জাজের ছবি থেকেই সরে দাঁড়ালেন, এতে জাজের সঙ্গে আপনার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে কি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জাজ সব সময়ই চায়, আমরা ভালো কিছু করি। ভালো কিছু করতে গেলে লেখাপড়ার বিকল্প নেই। যে কারণে এই বিষয়টিতেও জাজের সমর্থন থাকবে। তা ছাড়া আমি তো জাজের সঙ্গে চুক্তিবদ্ধ নই, যে তাদের ছবি বাধ্যতামূলকভাবে আমাকে করতে হবে।’
‘তালাশ’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। তালাশের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সৈকত নাসির পরিচালিত প্রথম ছবি ‘দেশা- দ্য লিডার’ গত বছর মুক্তি পায়। এ ছাড়া ‘পাষাণ’ নামে আরেকটি নতুন ছবির কাজ শুরু করার কথা রয়েছে সৈকত নাসিরের। এতে মাহিয়া মাহি অভিনয় করতে পারেন বলে গুজব রয়েছে।

মাজহার বাবু