নেগেটিভ রিভিউ
শাকিব বলছেন, কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক
মুক্তির প্রথম সপ্তাহ শেষে বৃহস্পতিবার রাজধানীর উত্তরা সেন্টারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে প্রথমবারের মতো সিনেমার প্রমোশনে এলেন ‘রকস্টার’ হিরো শাকিব খান। এসেই তিনি সিনেমা ঘিরে চলমান নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে সরব হন।
‘রকস্টার’ সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই একটি নির্দিষ্ট মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র এবং উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠান ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। সিনেমার ভালো দিকগুলো সম্পূর্ণ আড়াল করে শুধু নেতিবাচক রিভিউগুলো কেটে কেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়। এমনকি বগুড়ার এক নামী প্রেক্ষাগৃহের মালিকের আক্ষেপমাখা মন্তব্যকেও ভিন্নভাবে টুইস্ট করার অপচেষ্টা চালানো হয়।
এই পুরো বিষয়টি নিয়ে উত্তরা সিনেপ্লেক্সে গণমাধ্যমের মুখোমুখি হন শাকিব খান। তিনি বলেন, “একটা সিনেমায় পজিটিভ-নেগেটিভ রিভিউ হয়। শুধুমাত্র নেগেটিভ নেগেটিভ রিভিউ কেটে কেটে কেটে কেটে কেটে কেটে শুধু নেগেটিভ রিভিউ প্রচার করলো প্রথম দিন—এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? সানমোশন পিকচার্সের প্রতি? না রুশোর প্রতি? না আমার অন্যান্য কোনো আর্টিস্টের, আমার নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি?”
শাকিব খান স্পষ্ট করেই বলেন, কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক। নতুন ধারার গল্প নিয়ে সিনেমা যখনই এগিয়ে যেতে চায়, তখনই তারা টেনে পেছনে নামানোর চেষ্টা করে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, দর্শককে চেনা ছকের মারামারির মধ্যেই আটকে রাখার প্রবণতা রয়েছে।
তবে এই ধরনের বক্স অফিস পলিটিক্সকে তিনি ইন্ডাস্ট্রির বাস্তবতা হিসেবেই দেখছেন। দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে এমন চ্যালেঞ্জ স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, সাময়িকভাবে ইউটিউবাররা ভিউয়ের আশায় নেতিবাচক কন্টেন্ট ছড়ালেও, দ্বিতীয় দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শক ফেরার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে—দিন শেষে সত্যেরই জয় হয়।

বিনোদন ডেস্ক