হৃতিক-ক্যাটরিনাকে ছাড়াই ‘ব্যাং ব্যাং-টু’
গত বছরের সুপারহিট ছবি ‘ব্যাং ব্যাং’। হলিউডি অ্যাকশন-থ্রিলার ছবি ‘নাইট অ্যান্ড ডে’র অফিশিয়াল রিমেক ছিল ছবিটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটিতে হৃতিক রোশন আর ক্যাটরিনা কাইফের জুটি বেশ ভালোভাবেই গ্রহণ করেছিলেন দর্শক।
এর আগে জোয়া আখতারের ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। ছবিটি ব্যবসা করেছে, জুটিও দর্শক পছন্দ করেছেন। কিন্তু তার পরও ‘ব্যাং ব্যাং’ ছবির সিক্যুয়ালে থাকছেন না হৃতিক-ক্যাটরিনা।
সিক্যুয়ালের জন্য পরিচালক অপরিবর্তিত থাকলেও এরই মধ্যে ক্যাটরিনার পরিবর্তে ‘কিক’ তারকা জ্যাকলিন ফার্নান্দেজের নাম ঘোষণা করা হয়েছে। তবে জ্যাকলিনের নায়ককে এখনো খুঁজে পাওয়া যায়নি।
ছবির প্রযোজক এবং নির্মাতা চাইছেন, ‘ব্যাং ব্যাং-টু’ ছবিতে নতুন একটি জুটি উপহার দিতে। তবে হৃতিকের পরিবর্তে বলিউডের প্রথম সারির কোনো অভিনেতাই আসবেন। এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া।
সিরিজের প্রথম ছবির মতো দ্বিতীয় ছবিটিতেও থাকছে ধুন্ধুমার মারামারি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্য। প্রথমে হৃতিকের কথা ভাবা হলেও অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় শিডিউল দিতে না পারায় নতুন নায়ক খুঁজতে হচ্ছে ছবির ইউনিটকে।

ফিচার ডেস্ক