মুক্তি পেল ‘কিক-২’, আসছে ‘কিক-৩’!
চমকে গেলেন না তো? ‘কিক’ ছবিটির আর কোনো সিক্যুয়েলই নাকি হবে না, এমনই তো দিনকয়েক আগে বলেছিলেন সালমান খান। সেখানে রীতিমতো ‘কিক-২’ আসছে কোত্থেকে, কিংবা ‘কিক-৩’! এনডিটিভির খবর কিন্তু বলছে, ‘কিক-২’ গত পরশু দিনই মুক্তি পেয়ে গেছে ভারতে। আর ছবির নায়ক তিন নম্বর সিক্যুয়েলের জন্যও প্রস্তুতি নেওয়া শুরু করেছেন!
বলিউডি ছবির বাইরেও ভারতের অন্যান্য বড় ইন্ডাস্ট্রির খোঁজখবর যাঁরা এক-আধটু রাখেন, তাঁদের এতক্ষণে বিষয়টি বুঝে ফেলার কথা। সালমান খানের ‘কিক’ ছবিটি কিন্তু মৌলিক নয়, দক্ষিণী সুপারহিট ছবি ‘কিক’-এর রিমেক! সেই ‘কিক’-এর নায়ক ছিলেন সুপারস্টার রবি তেজা। বলিউডি ‘কিক’ রিমেক হোক কিংবা না হোক, তাতে তো আর তাঁদের কিছু যায়-আসে না! সুতরাং ছবিটির সিক্যুয়েল ‘কিক-২’ এ মাসের ২১ তারিখ দিব্যি মুক্তি পেয়ে গেছে।
বার্তা সংস্থা আইএএনএসকে রবি তেজা বলেন, “‘কিক-৩’ করতে পারলে ভালো লাগবে। তবে সেটা কেবল এই ফ্র্যাঞ্চাইজিকে লম্বা করার জন্য নয়। ভালো গল্প আর ভালো একটা দল নিয়ে কেউ যদি এগিয়ে আসে, তাহলে আমি ছবিটা করব। এই কাহিনীকে আরো টানার সুযোগ রয়েছে, কিন্তু গল্প অনেক জরুরি বিষয়। আমি পুরো বিষয়টাই লেখকদের ওপরে ছেড়ে দিয়েছি। তাঁরা ভালো লিখলে আমি অবশ্যই মাঠে নামব।”
‘কিক’ ছাড়াও রবি তেজার ‘বিক্রমরকুড়ু’ ছবিটির রিমেক করা হয়েছে বলিউডে ‘রৌডি রাঠোর’ নামে। ব্যবসাসফল এ ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার।
‘কিক-২’ পরিচালনা করেছেন সুরেন্দর রেড্ডি। রবির বিপরীতে রয়েছেন রকুল প্রীত সিং। এ ছাড়া ছবিতে অভিনয় করেছেন রাজপাল যাদব, রবি কিষেন ও কবির দুহন সিং। ছবির শুটিং অধিকাংশই হয়েছে রাজস্থানে।
হিন্দি ‘কিক’-এ প্রধান চরিত্রে সালমান খান ছাড়া আরো ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবিটি পরিচালনা করেছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা।

সামি আল মেহেদী