নিজের পরিচালনাতেই অভিনয় করছেন জাহিদ হাসান
‘উড়ামন’ নাটকে শুধু অভিনয় নয়, পরিচালনাও করছেন জাহিদ হাসান। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পাশাপাশি নাটকটি পরিচালনা করছেন জাহিদ হাসান। নাটকটি আজ রাত ৮টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।
জাহিদ হাসান ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন নওশীন, অহনা, সিদ্দিকুর রহমান, শামীম জামান, কেয়া চৌধুরীসহ অনেকে।
‘উড়ামন’ নাটকটি প্রচারের পর থেকে দর্শকদের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছেন বলে জানান জাহিদ হাসান।
নাটকের গল্পে দেখা যাবে, জাহিদ হাসান অতি সাধারণ পরিবারের ছেলে। লেখাপড়া শেষ না করে ১০ বছর আগে বাবার অবসরভাতার টাকা দিয়ে সে বিদেশ চলে যায়। তার উদ্দেশ্য ছিল ইউরোপের কোনো ধনী দেশে গিয়ে নিজের অবস্থার পরিবর্তন করা। কিন্তু দালালের খপ্পরে পড়ে অনেক ঘুরে শেষ পর্যন্ত অবৈধভাবে তাকে থাকতে হয় দক্ষিণ আফ্রিকায়। এজন্য তাঁকে পাঁচ বছর জেলও খাটতে হয়। স্ট্রোক করে মারা যায় তার বাবা। জেল থেকে বের হয়ে এক মহিলার সাথে পরিচয় হয় জাহিদের। মহিলা তাকে বাড়ি দেখাশোনা করার কাজ দেয়। মহিলার কোনো ছেলে-মেয়েও ছিল না। একটা বিশাল বাড়িতে সে একা একাই থাকত। একসময় মহিলা মারা গেলে জাহিদ হাসান জানতে পারে সে অনেক টাকার মালিক হয়ে গেছে। কারণ মহিলাটি মারা যাওয়ার আগে সব কিছু তাকেই লিখে দিয়ে যায়। এভাবে বিদেশ গিয়ে হঠাৎ বড়লোক হয়ে যায় জাহিদ হাসান। দেশে এসে সেই টাকা নিয়ে নানা কাজ করে আলোচিত হয় সে। সেগুলো হিতের চেয়ে বিপরীত হয় বেশি। ঘটতে থাকে একের পর এক ঘটনা।

নাইস নূর