শাহরুখের বাড়ির অন্দরমহল
শাহরুখ খান কেবল বলিউড বক্স অফিসের রাজাই নন, ব্যক্তিগত জীবনটাও তিনি যাপন করেন রাজসিক ঢঙেই। সামান্য অবস্থান থেকে শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছেছেন, সেটা সরাসরি বলেন, আবার সেই প্রাপ্তিকে উপভোগও করেন। মুম্বাইয়ে নিজের প্রাসাদোপম আবাসস্থল ‘মান্নাত’-এ থাকেন তিনি। ঘুরে আসতে চান কিং খানের প্রাসাদ ‘মান্নাত’-এর অন্দরমহলে?
হ্যাঁ, ‘মান্নাত’-এর ভেতরটা এখন চাইলে দেখা সম্ভব বটে! এই বাড়ি নিয়ে বহু আলাপ-আলোচনা, আগ্রহ থাকলেও গণমাধ্যমে কখনোই এর ছবি সেভাবে আসেনি। শাহরুখ এবং তাঁর পরিবারের এ ব্যাপারে মত ছিল না বলেই তো! তবে সে নিষেধাজ্ঞার বরফ গলেছে কিছুদিন আগে। ছয়তলা এই রাজকীয় প্রাসাদ কিছুদিন আর্কিটেকচারাল ডাইজেস্ট নামে একটি ম্যাগাজিনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সে সুযোগে শাহরুখের বাড়ির আনাচ-কানাচের ছবিও পাওয়া গেল অবশেষে।

শাহরুখের আবাসস্থলের ভঙ্গিমায় একটু সাবেকী ধাঁচের প্রাধান্য দেখা যায়। বৈঠকখানায় প্রাচীন ঢঙের আসন, দেয়ালজুড়ে তৈলচিত্রের আধিপত্য, রাজসিক খাট, গালিচা, রেশমি ঝালর—এসবের গরিমা রয়েছে বটে মান্নাতে! তবে ডাইনিং রুম, লিভিং রুম কিংবা রিডিং রুমে সাবেকী ধাঁচের পাশাপাশি কার্যকারিতার দিকটায় রয়েছে বেশ নজর। একই সঙ্গে এই জায়গাগুলোয় পশ্চিমা মোটিফ বজায় রাখার প্রবণতাও দেখতে পাবেন। পুরো বাড়িতেই বিভিন্ন পেইন্টিংয়ের উপস্থিতি চোখে পড়ার মতো।

আর হ্যাঁ, বাড়ির ধার ঘেঁষে সুইমিংপুল আর তার পাশে বেশ খাপ খাইয়ে গেড়ে বসা গাছে আপনার এও মনে হতে পারে, দুবাইয়ের কোনো ধনাঢ্য শেখের প্রাসাদ বুঝি এটা!
শাহরুখ খান কয়েক দিন আগে নিজের একটি মেকআপ ভ্যান কাস্টমাইজ করে নিয়েছেন ব্যবহারের জন্য। বিলাসবহুল সেই চলন্ত আবাসস্থলের জাঁকজমকেও বিস্ময় হতেই পারে আপনার। না হয়ে উপায় কী বলুন, বলিউড বাদশার বাড়ি বলে কথা!

সামি আল মেহেদী