বাংলাদেশকে আপন মনে হয় ওমের
কলকাতার নায়ক ওম। এরই মধ্যে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন তিনি। ভবিষ্যতে আরো করবেন। বাংলাদেশে এমনিতেই ওম পরিচিত, আর এই পরিচিতি আরো বাড়ছে বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনার ছবির মাধ্যমে। তো কেমন লাগছে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ? এনটিভি অনলাইনের এমন প্রশ্নের জবাবে ওম জানান, বাংলাদেশ তাঁর কাছে এরই মধ্যে অনেক আপন হয়ে গেছে।
ওম বলেন, ‘এর আগে আমি অগ্নি-২ ছবির প্রচারণার জন্য গত ঈদে বাংলাদেশে এসেছিলাম। অনেক দিন থাকা হয়েছে টানা। এখানে কাজের ধরন আমার কাছে অনেক আপন মনে হয়। যাদের সঙ্গে কাজ করছি, তাঁদের সঙ্গেও অনেক দিন ধরেই চলাফেরা করছি। ‘অঙ্গার’ ছবির শুটিং তো প্রায় সবটাই ঢাকায় করলাম। আমার খুব ভালো লাগছে।’
বাংলাদেশের কোন শিল্পীকে চেনেন? এমন প্রশ্নের উত্তরে ওম বলেন, ‘আরেফিন শুভ আমার বন্ধু স্থানীয়। কলকাতায় বিভিন্ন অনুষ্ঠানে শুভর সঙ্গে আমার দেখা হয়েছে। যদিও তেমন যোগাযোগ নেই তার সঙ্গে। তবে তার ছবির গানগুলো দেখেছি। এছাড়া বাংলাদেশের সুপার স্টার শাকিব খানের নাম শুনেছি, শুটিংয়ের ফাঁকে তার সঙ্গে দেখা করার ইচ্ছা আছে।’
অগ্নি-২ ছবিটি কেমন চলেছে কলকাতায়? ‘কলকাতায় ছবিটি অন্য নামে চলেছে, কারণ অগ্নি ১-এর আগে কলকাতায় মুক্তি পায়নি। তবে ভালো ব্যবসা করেছে, আমরা যতটা আশা করেছি তার চেয়ে ভালো করেছে।’ জানালেন ওম।
এসকে মুভিজের সঙ্গে কত বছরের চুক্তি হয়েছে ওমের, এ বিষয়ে জানতে চাইলে টলিউডের এই নায়ক বলেন, ‘কত বছরের চুক্তি হয়েছে তা বলা যাবে না, তবে তাদের সঙ্গে কাজ করব কয়েক বছর। তা ছাড়া তারা যে ধরনের অ্যারেজমেন্টের ছবি বানাচ্ছে, আমি তাঁদের সঙ্গে কাজ করতে চাই।’
কলকাতায় এখন ছবির ব্যবসা কেমন? যৌথ প্রযোজনার ছবি কতটা সফল হবে? প্রশ্ন শুনে নায়ক ওম বলেন, ‘নতুন টেকনোলজি যখন এলো, তখন মাদ্রাজি ছবির নকল বেড়ে যায়। কিন্তু এখন আর তামিল ছবি দর্শক গ্রহণ করছে না। যে কারণে এখন আর আগের মতো নেই সেখানকার বাজার। তবে যৌথ প্রযোজনার ছবি আশা জাগাচ্ছে, নতুন ধরনের গল্প, এরেজমেন্ট, শিল্পী সব মিলিয়ে দুই বাংলার বাজার ধরতে ভালো ভূমিকা রাখবে যৌথ প্রযোজনার ছবি।’

মাজহার বাবু