নিজের টাকায় প্রথম কোরবানি দিচ্ছি : শবনম ফারিয়া
এ সময়ের জনপ্রিয় তারকা মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া। আসছে ঈদ উপলক্ষে টানা দুই মাস একটানা ফটোশুট ও নাটকে অভিনয় করেছেন তিনি। একদিনও ছুটি পাননি। জ্বর-ঠান্ডা নিয়েও অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবুও তাঁর মুখে হাসি। কারণ এবারেই প্রথম নিজের টাকায় কোরবানি দিচ্ছেন শবনম ফারিয়া। কোরবানির জন্য এবার তিনি ছাগল কিনেছেন। তবে গরু-ছাগলের হাটে গিয়ে নিজে তা কেনেননি। তাঁর বাবাই কিনেছেন। কোরবানির টাকা বাবার হাতে তুলে দিয়েছিলেন আগেই। কারণ গরু-ছাগলের হাটে ফারিয়া কোনোদিন যাবেন না বলে পণ করেছেন।
কেন এ রকম করেছেন? জিজ্ঞাসা করতেই উত্তরে ফারিয়া বললেন, ‘আমার বয়স যখন পাঁচ, তখন বাবার সঙ্গে একবার কোরবানির হাটে গিয়েছিলাম। হাটে যাওয়ার ইচ্ছাটা আমারই খুব বেশি ছিল। অনেক জেদ করে বাবার হাত ধরে হাটে যাই। কিন্তু হাটে প্রবেশ করার মতো সাহস আমার ছিল না। হাটের কছে এসে একসঙ্গে অনেক গরু দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে বাবাকে বলেছিলাম, বাবা, আমি বাসায় চলে যাব। আমি হাটে আর ঢুকব না। এরপর বাবা আমাকে নিয়ে বাসায় ফেরেন। এরপর এতটা বড় হয়েছি, কিন্তু কোনোদিন আর হাটে যাওয়ার সাহস আমি করিনি। প্রতি কোরবানির ঈদের চাঁদরাতে বাসায় গরু কিনে আনলে, তখন আমি গরুকে কাছে থেকে দেখি। এবারও দেখব।’

নাইস নূর