ঈদের পঞ্চম দিন
এনটিভির বিশেষ আয়োজন
ঈদুল আজহার পঞ্চম দিন আগামীকাল মঙ্গলবারও এনটিভিতে রয়েছে বিশেষ আয়োজন। বিশেষ এই অনুষ্ঠানমালায় রয়েছে নাটক, গানের অনুষ্ঠান ও ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় বিশেষ গেম শো কুইকবাজ। চলুন, একনজরে দেখে নেওয়া যাক কী থাকছে কাল সারা দিন।
বিশেষ টেলিফিল্ম : ফটোগ্রাফ
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘ফটোগ্রাফ’। মাসুদ হাসান উজ্জ্বলের রচনা ও পরিচালনায় এই টেলিফিল্মে অভিনয় করেছেন ওমর আয়াজ অনি, অপর্ণা ঘোষ, শাহতাজ মুনিরা, কায়েস চৌধুরী প্রমুখ।
‘এ লেভেল পড়ুয়া নির্ভানা সারা দিন ব্যস্ত থাকে তার ব্যান্ডের প্র্যাকটিস নিয়ে। বাসা থেকে বের হওয়ার সময় তার সঙ্গে দেখা হয় নিচের ফ্ল্যাটে সদ্য আগত রকস্টার রবিনের। একদিন ঘটনাচক্রে রবিন নির্ভানার সাইকেলে চড়ে বসে। আর এই ছবি তুলে ফেলে একজন ফটোগ্রাফার। পরদিন তা পত্রিকায় ছাপা হলে নির্ভানার বাবা উদ্বিগ্ন হলেও নির্ভানা ব্যাপারটা উপভোগ করে। ধীরে ধীরে রবিনের প্রতি দুর্বল হতে থাকে সে। অন্যদিকে আশ্রমের শিশুদের জন্য রাস্তায় টাকা তুলতে থাকা বিনিতাকে দেখে অতীত স্মৃতি মনে পড়ে রবিনের। মফস্বলে এই বিনিতার সঙ্গে তার প্রেম ছিল।’
বিশেষ সংগীতানুষ্ঠান : সেই সব গান
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের পঞ্চম দিন বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে তিন পর্বের বিশেষ সংগীতানুষ্ঠান ‘সেই সব গান’-এর দ্বিতীয় পর্ব। বিভিন্ন সময়ে বাংলাদেশের জনপ্রিয় ১৩ জন প্রয়াত সংগীতশিল্পীর জনপ্রিয় মোট ২৬টি গান দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রতি পর্বে একজন শিল্পী দুটি করে গান পরিবেশন করবেন।
আজ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেছেন শিল্পী প্রতীক হাসান, লিজা, পুলক ও র্যাভেল। হুমায়ূন ফরিদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মুনমুন।
বিশেষ ধারাবাহিক নাটক : নিশ্চিত প্রেমের ৭টি উপায়
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন অপূর্ব, মম, ইরেশ যাকের, সাজু খাদেম, নাঈম, মৌসুমি হামিদ, সুষমা সরকার, নওশাবা, আনন্দ খালেদ, উজ্জল মাহমুদ প্রমুখ।
এক্স ফ্যাক্টরের মঈন বন্ধু মাফির সঙ্গে কথা বলতে বলতেই ঠিক করে যে বাংলাদেশে প্রথমবারের মতো রোমান্স কনসালটেন্সি ব্যবসা শুরু করবে সে। যেই ভাবা সেই কাজ। মঈন একটা বিজ্ঞাপন ছেড়ে দেয় ‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’। সে ভেবেছিল সাড়া পাবে না। কিন্তু পরের দিনই দুটি ছেলে আর একটি মেয়ে যোগাযোগ করে তার সঙ্গে। নেমে পড়ে তারা সাতদিনের মিশনে।’
বিশেষ নাটক : সময় অসময়
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের পঞ্চম দিন রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘সময় অসময়’। মনসুর রহমান চঞ্চলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মৌটুসী, হাসিন প্রমুখ।
‘সবুজ আর সুরুজ ছোটবেলার বন্ধু। গ্রামের মানুষের কাছে তারা সবুইজ্যা আর সুরুইজ্যা নামে খ্যাত ছিল। সেই সুরুইজ্যা এখন সুরুজ্জামান, সংক্ষেপে এস জামান, একটি করপোরেট অফিসের মার্কেটিং হেড। আর সবুজ গ্রামের থাকে, সিম্পল এম এ পাস। সবুজ ঢাকা শহরে আসে, উদ্দেশ্য বন্ধুর সহযোগিতায় একটা চাকরি জোগাড় করা। তাই বন্ধু সুরুজের ভরসায় তাকে না জানিয়েই ঢাকায় চলে আসে। সবুজ আর সুরুজের দেখা হয় অনেক বছর পর, সুরুজের অফিসের মিটিং রুমে। মিটিং রুমে ঢুকে সবুজ যখন ‘সুরুইজ্যা’ বলে চিৎকার দেয়- তখন অফিসের সবাই থ হয়ে তাকিয়ে থাকে আনস্মার্ট সবুজের দিকে।’
বিশেষ গেম শো : কুইকবাজ
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের পঞ্চম দিন রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ গেম শো ‘কুইকবাজ’। ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন হাসান আবিদুর রেজা জুয়েল। সংগীতবিষয়ক এই গেম শোতে অংশ নিয়েছেন শিল্পী পড়শি, শারমিন রমা, নওমী, আনিতা, নিলা নাজ, হৃদয় খান, ইবরার টিপু, জয় শাহরিয়ার ও কিশোর।
বিশেষ ধারাবাহিক নাটক : দুষ্টু ছেলের দল
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘দুষ্টু ছেলে দল’। আদনান আল রাজীব ও রেদওয়ান রনির যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি।
নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক আহমেদ রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমুখ।
দুষ্টামি ভর করে কয়েকজন দুষ্টু ছেলের মাথায়। তারা প্ল্যান করে এক অভিযানের। তাদের পেছনে লাগে আবার মিষ্টি কয়েকজন মেয়ে। অদ্ভুত মজার সব ঘটনা ঘটতে থাকে একের পর এক।
বিশেষ নাটক : মুখোশের আড়ালে
ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের পঞ্চম দিন রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘মুখোশের আড়ালে’। তৌফিক নওয়াজ ও কৌশিক শংকর দাশের যৌথ রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয় করেছেন আরফান নিশো, ফারহানা মিলি, আশরাফুল আশীষ, শেহজাদ ওমর প্রমুখ।
‘রাজ এই শাহরের সবচেয়ে বড় সুপারস্টারের নাম। যদিও সুপারস্টার হওয়ার আগে সবাই তাকে রাজা নামেই চিনত। পুরো নাম রাজা রায়। তবে এখন এই নামে কেউ তাকে চেনে না। সুপারস্টার রাজ আর আগের রাজা রায়ের মধ্যে ছিটেফোঁটা মিলও নেই। রাজ এখন সবার সঙ্গেই অকারণে বাজে ব্যবহার করে, অকারণেই শিডিউল ফাঁসায়, সবাইকে খুব ভোগায়। তবু সব পরিচালকরা রাজকে নিয়েই কাজ করতে চায়, কারণ তার কোনো বিকল্প বা প্রতিদ্বন্দ্বী নেই।’

নাইস নূর