শুরু হচ্ছে ‘উজান গাঙের নাইয়া-৩’-এর শুটিং
বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রযোজনায় ২০১৪ সালে বিটিভিতে প্রথম শুরু হয় উজান গাঙের নাইয়া নাটকটি, তখন এর ১৬টি পর্ব প্রচার করা হয়। নাটকটি যৌথভাবে পরিচালনা করেন গিয়াসউদ্দিন সেলিম ও বাশার জর্জিস। নাটকটির প্রথম সিরিজ শেষ হওয়ার পর বর্তমানে এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে ‘উজান গাঙের নাইয়া ২’। এর কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও অর্চিতা স্পর্শিয়া। খুব শিগগির নাটকটি শেষ হয়ে যাচ্ছে বলেন জানান নাটকের পরিচালক বাশার জর্জিস। এখন তিনি শুরু করতে যাচ্ছেন ‘উজান গাঙের নাইয়া’ নাটকের তৃতীয় সিরিজের শুটিং।
বাশার জর্জিস এনটিভি অনলাইনকে বলেন, ‘খুব শিগগির আমরা উজান গাঙের নাইয়ার তৃতীয় সিরিজ নির্মাণ করতে যাচ্ছি। এরইমধ্যে শুটিংয়ের লোকেশন দেখা হয়ে গেছে। কক্সবাজারে মনোরম লোকেশনে আমরা নাটকটির শুটিং শুরু করব।’
এবারের সিরিজে কারা অভিনয় করবেন প্রশ্ন করতেই পরিচালক বাশার জর্জিস বলেন, ‘আগের শিল্পীরা সবাই কাজ করবেন। শুধু স্পর্শিয়া ছাড়া। স্পর্শিয়ার জায়গায় কে অভিনয় করবেন এখনো আমরা সেটা চূড়ান্ত করিনি। এ ছাড়া নতুন আরো কিছু শিল্পী যোগ হবেন।’
নাটকের গল্পের ধারাবাহিকতা কি আগের মতোই থাকবে? উত্তরে বাশার জর্জিস বলেন, ‘আগের মতোই থাকবে। আগে নারীস্বাস্থ্য সচেতনতার দিকে আমরা বেশি মনোযোগী ছিলাম। তবে এবার নারী স্বাস্থ্যের পাশাপশি পুষ্টি যোগ হয়েছে।’

নাইস নূর