এনটিভিতে ‘বৈশাখী মাইম ট্রুপ’
পয়লা বৈশাখ উপলক্ষে হৃদি হক নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বৈশাখী মাইম ট্রুপ’। এতে অভিনয় করেছেন লিটু আনাম, আশনা হাবিব ভাবনা, মনোজ প্রামাণিক, শাহাদাৎ হোসেন, আসিব চৌধুরী, আইরিন পারভিন লোপা, সঙ্গীতা চৌধুরী, রায়হানুল আলম প্রমুখ।
এনটিভির বৈশাখী আয়োজনে আগামীকাল রোববার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে।
নাটকটি সম্পর্কে হৃদি হক বলেন, “বুকের মধ্যে জমিয়ে রাখা ভালোবাসায় কিছু নিবেদিত প্রাণ মানুষের হার না মানার গল্প‘বৈশাখী মাইম ট্রুপ’। এই ক্ষ্যাপাটের মতো ভালোবাসা তাড়িয়ে বেড়ায় ওদের সারাক্ষণ, হারিয়ে যায় বৈষয়িক জীবনের অনেক প্রাপ্তির গল্প অপ্রাপ্তিতে। ওরা কাছে টেনে নেয় অনিশ্চয়তাকে।”
হৃদি হক আরো বলেন, ‘শুধু জেসচার, মুভমেন্ট আর এক্সপ্রেশনের মাধ্যমে কোনো অ্যাকশন-ক্যারেক্টার বা আবেগ প্রকাশের এই থিয়েট্রিক্যাল টেকনিক এক কথায় অসাধারণ। মার্সেল মার্সু থেকে আমাদের পার্থ প্রতিম মজুমদার, মাইম এর মাধ্যমে যে অসাধারণ গভীর আবেগ আর রূপান্তরের শিল্প বুনন সৃষ্টি করেছেন এবং করছেন মঞ্চে, তার দীর্ঘ ছাপ আমরা দর্শক বয়ে বেড়াই আমাদের অনুভূতিতে। নাটকে মাইম পারফর্মেন্সকে খেয়াল রেখেই শিল্পী নির্বাচন করেছি আমরা। লিটু আনাম বাংলাদেশে মাইমের ফোররানার পার্থ প্রতিম মজুমদারের অন্যতম প্রিয় ছাত্র। শাহাদাৎ হোসেন মাইম প্রশিক্ষণপ্রাপ্ত। ভাবনা একজন নৃত্যশিল্পী আর মনোজের জেসচার ভালো। নাগরিক নাট্যাঙ্গনের কয়েকজন সদস্যকে আমরা নিয়েছি, যারা এক্সপেরিয়েন্সড। আশা করছি, নাটকটি দিয়ে শুধু মাইম না, মেইনস্ট্রিমের বৃত্তের বাইরের আর্ট ফর্ম নিয়ে দর্শক মনে ইন্টারেস্ট তৈরি করতে পারব আমরা। নতুন আরেক বৈশাখে, নতুন আরেক আশা দেখব।’
রুবেল মুন্সির চিত্রগ্রহণে নাটকটির সম্পাদনা ও আবহ সঙ্গীত পরিচালনা করেছেন কামরুজ্জামান রনি।

ফিচার ডেস্ক