তিন পুরস্কারে ভূষিত বাংলাদেশের প্রিয়তি
জ্যামাইকায় গতকাল অনুষ্ঠিত হয়েছে ‘মিস আর্থ ২০১৬’ সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এবার ‘মিস আর্থ ২০১৬’-এর বিজয় মুকুট জিতেছেন স্পেনের আনদ্রেয়া প্যানোচ্ছি সেরানো। প্রতিযোগিতায় সেরা ৫- এর মধ্যে ছিলেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আকতার প্রিয়তি। প্রতিযোগিতায় সেরা মুকুট না জিতলেও তিনটি সম্মানজনক পুরস্কার তিনি অর্জন করেছেন। পুরস্কার তিনটি হলো মিস কমপেসোনেট, মিস ফিটনেস ও মিস বেস্ট গাউন পুরস্কার। এদিকে তিনটি পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত প্রিয়তি।
প্রতিযোগিতায় পুরস্কার ঘোষণার আগে ফেসবুকে প্রিয়তি লিখেছেন, ‘প্রতিযোগিতায় সেরা ৫-এর মধ্যে টিকে থাকার জন্য পিঠে ব্যথা নিয়েও প্রথমবারের মতো আমি গভীর সমুদ্রে সাঁতার কেটেছি। আমি আমার সেরা কাজ দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না জিতব কি না। সবকিছু নির্ভর করবে আমার ভাগ্যের ওপর।’
গত বছর ‘মিস আয়ারল্যান্ড ২০১৪’ খেতাব জিতেছিলেন প্রিয়তি। তাই ‘মিস আর্থ ২০১৬’ সুন্দরী প্রতিযোগিতায় আয়ারল্যান্ডের হয়ে লড়ছেন তিনি।
ঢাকার ফার্মগেট এলাকায় প্রিয়তির জন্ম। ১৪ বছর আগে তিনি আয়ারল্যান্ডে পাড়ি জমান। সেখানে পড়াশোনার পাট চুকিয়ে বর্তমানে বৈমানিক হিসেবে কর্মরত রয়েছেন তিনি। শখের বশে মডেলিং করেন প্রিয়তি।

নাইস নূর