তারকাদের পূজার আড্ডা
গত কদিন ধরেই সামাজিক যোগাযোগের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছেন তারকারা। আর আজ বিভিন্ন অঙ্গনের পাঁচ তারকা পূজার স্মৃতিচারণ করে একসঙ্গে আড্ডা দেবেন আরটিভির পর্দায়। ‘তারকা সেলিব্রেটি আড্ডা শারদীয় শুভেচ্ছা’ নামের অনুষ্ঠানটি প্রচারিত হবে সন্ধ্যা ৬টার পর। এতে অতিথি থাকবেন বাপ্পা মজুমদার, বিদ্যা সিনহা মিম, অপর্ণা, কিশোর ও উর্মিলা শ্রাবন্তী কর। দুর্গাপূজা নিয়ে তাঁদের প্রত্যেকের অনেক মজার স্মৃতি রয়েছে। সেসব স্মৃতি নিয়েই তাঁরা আড্ডা দিয়েছেন। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শাকিলা মতিন মৃদুলা।
এনটিভি অনলাইনকে মৃদুলা বলেন, ‘সব সময় ভিন্ন ধাঁচের অনুষ্ঠান উপস্থাপনা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। দুর্গাপূজা সার্বজনীন উৎসব। অনুষ্ঠানটি রেকর্ডিংয়ের সময় অনেক মজা হয়েছে এবং আমার ভালোও লেগেছে। কারণ, পূজার অনেক কিছুই আমি জানতাম না। উপস্থাপনার সময় আমি অনেক ভুল কথা বলেছি। আর তখন সবাই বেশ হাসাহাসি করেছেন। কিন্তু বিষয়টি সবাই মজা হিসেবেই নিয়েছিলেন। পরে সবার সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি আমি সঞ্চলনা করেছি। আশা করছি, অনুষ্ঠানটি সবার ভালো লাগবে।’
এদিকে, বাপ্পা মজুমদার ও কিশোর ঢাকায় পূজা করলেও বাকি সবাই ঢাকার ও দেশের বাইরে পূজা করছেন। অপর্ণা চট্টগ্রামে আর মিম ও উর্মিলা পূজা উদযাপন করছেন ভারতে।


নাইস নূর