এনটিভিতে তিন তারকার নাটক ‘অপরিচিতা’
ছোটপর্দার দাপুটে তিন অভিনয়শিল্পী আফজাল হোসেন, রাইসুল ইসলাম আসাদ ও সাদিয়া ইসলাম মৌ। দর্শকদের জন্য সুখবর হলো একই ফ্রেমে তাঁরা তাঁদের প্রিয় এই তিন শিল্পীকে দেখতে পাবেন। তবে কোনো টকশোতে নয়, তাঁরা একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘অপরিচিতা’। নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এনটিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে নাটকটি প্রচারিত হবে।
‘অপরিচিতা’ নাটকের গল্পে দেখা যাবে, ‘আনিস সাহেব একটা ফ্ল্যাটে থাকছেন একা একা, এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। পাশের ফ্ল্যাটের সাত্তার সাহেবের সঙ্গে যা একটু মেলামেশা করেন তিনি। সেখান থেকেই নিজের সম্পর্কে পাড়া-প্রতিবেশীর অভিমতগুলো শুনে নেন আনিস। একদিন সন্ধ্যায় আনিস যখন সাত্তার সাহেবের ফ্ল্যাটে যাবেন ভাবছেন, ঠিক তখন কলিং বেলের শব্দ বেজে ওঠে। আনিস তখন চিন্তা করেন নিশ্চয়ই সাত্তার সাহেব নিজেই তাঁর বাসায় চলে এসেছেন। কিন্তু তাঁর ধারণা ভুল প্রমাণিত হয়। কারণ দরজা খুলতেই আনিস দেখেন এক তরুণী দাঁড়িয়ে আছেন। কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেই অপরিচিতা মেয়েটা বাড়ির ভেতরে ঢুকে পড়েন। আর এভাবে এগিয়ে যেতে থাকে ‘অপরিচিতা’ নাটকের গল্প।

নাইস নূর