আজ এনটিভিতে ‘তবুও আকাশ নীল’
ছোটপর্দার প্রিয় দুই মুখ আফরান নিশো ও ফারহানা মিলি। তাঁরা একসঙ্গে একক নাটক ‘তবুও আকাশ নীল’-এ অভিনয় করেছেন। নাটকটি আজ রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে। নাটকটি রচনা করেছেন আহমেদ তাওকীর এবং পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। আফরান নিশো ও ফারহানা মিলি ছাড়াও নাটকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশু চৌধুরী।
‘তবুও আকাশ নীল’ নাটকের গল্পে দেখা যাবে, ‘আদ্রিতা, অদ্ভুত মায়াময় এক মেয়ে, যদিও সে দৃষ্টি শক্তিহীন। সে তার একাডেমিক পড়াশোনা ও শখের সাহিত্য চর্চার জন্য পত্রিকায় শ্রুতি লেখকের বিজ্ঞপ্তি দেয়। তরুণ লেখক সাজিদ মাহমুদ সেই শ্রুতি লেখকের কাজটা পেয়ে যায়। সাজিদ ধীরে ধীরে আদ্রিতার প্রতি দুর্বল হয়ে পড়ে। সাজিদ একদিন আদ্রিতার হাতটি শক্ত করে ধরে ভালোবাসা প্রকাশ করতে চায়। আদ্রিতা বিষয়টি মেনে নিতে পারে না, তাড়িয়ে দেয় সাজিদকে। কিছুদিন পর অপারেশনের মাধ্যমে আদ্রিতা তার দৃষ্টি ফিরে পায়। এবার সে কেন জানি খুঁজে বেড়ায় সাজিদকে! অতঃপর দেখা হয় আদ্রিতা ও সাজিদের। সাজিদকে দৃষ্টি শক্তিহীন দেখে অবাক হয় আদ্রিতা!’

নাইস নূর