এনটিভিতে আজ সরাসরি গান গাইবেন পড়শি
এনটিভির গান নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান ‘মিউজিক এন রিদম’। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় অনুষ্ঠানটি প্রচারিত হয়। আজকে ‘মিউজিক এন রিদম’ অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী পড়শি।
অনুষ্ঠানে পড়শি শুধু একা নন, পারফর্ম করবে তাঁর ব্যান্ড ‘পড়শি ও বর্ণমালা’। কনসার্ট করতে পড়শির যেমন ভালো লাগে ঠিক তেমনি সরাসরি টিভি অনুষ্ঠানেও গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
এ প্রসঙ্গে পড়শি বলেন, ‘আমি কনসার্ট করতে যেমন ভালোবাসি ঠিক তেমনি টিভিতে সরাসরি গান গাইতেও আমার ভালো লাগে।’
পার্থক্য শুধু একটাই টিভিতে বসে গান করি আর কনসার্টে দাঁড়িয়ে। সব মিলিয়ে আমার সরাসরি গান করার অভিজ্ঞতা দারুণ। কারণ দর্শক-শ্রোতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়। তাদের পছন্দের গানের কথা আমি জানতে পারি। এটা ভালো লাগারই বিষয়।’
আজ ‘মিউজিক এন রিদম’ অনুষ্ঠানে কি ধরনের গান পড়শি করবেন জানতে চাইলে পড়শি বলেন, ‘আমি আমার তিনটি অ্যালবামের নির্বাচিত কিছু গান গাইব। আর এর বাইরে চলচ্চিত্রের কিছু গান করব যেসব চলচ্চিত্রের গানে আমি কণ্ঠ দিয়েছি। অন্য শিল্পীদের গাওয়া হয়তো দুই-একটা গান গাইতে পারি।’

নাইস নূর