শেষ হচ্ছে ‘দলছুট প্রজাপতি’
‘দলছুট প্রজাপ্রতি’ এনটিভিতে প্রচারিত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে একটি। প্রতি সপ্তাহের শনিবার ও রোববার নাটকটি রাত ৮টা ২০ মিনিটে প্রচার হয়। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। আগামী রোববার নাটকটির শেষ পর্ব প্রচারিত হবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, রওনক হাসান, কল্যাণ, নিলয়, বন্যা মির্জা, মৌসুমী নাগ, নওশীন, বাঁধন, স্বাগতা, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর, লায়লা হাসান, চিত্রলেখা গুহ ও কে এস ফিরোজ।
যাঁরা ‘দলছুট প্রজাপ্রতি’ নাটকটি নিয়মিত দেখেন, তাঁদের জন্য একটু কষ্টেরই খবর। দর্শকরা শনিবার নাটকটি দেখে শেষ পর্ব দেখার জন্য প্রস্তুতি নিতে পারেন। শেষ পর্বে পরিচালক দর্শকদের জন্য অনেক চমক রেখেছেন। আর সেই চমক দেখতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে মাত্র দুদিন।
কী সেই চমক, জানতে চাইলে এনটিভি অনলাইনকে পরিচালক আরিফ খান বলেন, ‘এখন আমি তা প্রকাশ করতে চাই না। আমি চাই দর্শকরা সবাই শেষ পর্বটি দেখুক। এতটুকু বলতে পারি, দর্শক নিরাশ হবেন না। তবে নাটকটির আরো কিছু পর্ব প্রচার করতে পারলে আমার ভালো লাগত। আর দর্শকদের অনেক ধন্যবাদ, তাঁরা না দেখলে নাটকটি জনপ্রিয়তা পেত না।’

নতুন কোনো ধারাবাহিক নাটকের শুটিং শুরু করতে যাচ্ছেন কি না জানতে চাইলে পরিচালক আরিফ খান বলেন, ‘আপাতত না। আগামী ছয় মাস আমি নতুন কোনো নাটকের কাজ করব না।’
এদিকে ‘দলছুট প্রজাপ্রতি’ নাটকের গল্প ছিল এমন- ‘সৎ মানুষ হিসেবে মোবারক সাহেবের সুনাম ছিল। সাধারণ সরকারি চাকরি করতেন তিনি। সংসারে তাঁর জৌলুস কখনো ছিল না। স্ত্রী আয়শা, বড় ছেলে রশিদ, তাঁর স্ত্রী শারমীন এবং বড় মেয়ে রুমা, মেজ মেয়ে ঝুমা ও ছোট মেয়ে সোমাকে নিয়ে তাঁর সুন্দর সংসার ছিল। কিন্তু মোবারক সাহেব মারা যাওয়ার পর বড় ছেলের ওপর সংসারের দায়িত্ব পড়ে। সে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে। এদিকে তিন মেয়ে দেখতে খুবই সুন্দরী, কিন্তু সংসারে বাড়তি অর্থ না থাকায় তাঁদের বিয়েও যেন সহজে হয় না। বড় মেয়ে রুমা চুপচাপ স্বভাবের। ছোট দুজন একটু চঞ্চল স্বভাবের, ভালোবাসার মানুষের সঙ্গে ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখতে ব্যস্ত থাকেন তাঁরা। অবশেষে তাঁরা প্রত্যেকে সফল হন।


নাইস নূর