জন্মদিনে বাবাইয়ের উপহারে বিস্মিত শশী
আজ জনপ্রিয় অভিনেত্রী শারমীন জোহা শশীর জন্মদিন। জন্মদিনে প্রিয় এই তারকা কী করছেন? এই প্রশ্নের উত্তর শশীর কাছে জানতে চাইলে শশী বলেন, ‘আমি এখন বাসায় আছি। একলা ঘরে বসে আছি। এতক্ষণ ঘুমিয়ে ছিলাম।’
আজ কোনো শুটিং ছিল না? জবাবে শশী বলেন, ‘একটা নাটকের শুটিং ছিল। কিন্তু হঠাৎ করেই শুটিংয়ের তারিখ পরিবর্তন করা হয়েছে। তাই আজ বেশ আরাম-আয়েশে দিন কাটাচ্ছি আমি।’
আজ কোনো পরিকল্পনা আছে কি? শশী জানালেন, ‘না। তবে সন্ধ্যার পর আমার কাজিনরা বাসায় আসবে। এ ব্যাপারে আমি নিশ্চিত।’
জন্মদিনে তো অনেক উপহার পেয়েছেন। কার উপহার প্রথমে পেলেন? উত্তরে শশী বললেন, ‘আজ তো সারাদিনই সবার শুভেচ্ছা ও উপহার পেয়েছি। এখনো পেয়েই যাচ্ছি। খুব ভালো লাগছে। তবে জন্মদিনের আগের রাতে বাবাই আমার জন্য জন্মদিনের একটা কেক নিয়ে এসেছিলেন। সবার আগে এই উপহার পেয়ে আমি খুব বিস্মিত হয়েছিলাম। বিস্ময়ের ঘোর এখনো কাটেনি। কেকটাও সুন্দর ছিল, তার চেয়ে বড় কথা সবার আগে বাবাইয়ের শুভেচ্ছা পেয়েছি।’

আচ্ছা, বাবাইটা কে? উত্তরে শশী হেসে বললেন, ‘আমার প্রিয় এক বন্ধুকে আমি বাবাই বলে ডাকি। আর আমাকে সে ডাকে বাপা।’
অভিনেত্রী শারমীন জোহা শশী ২০০৫ সালে চিত্রনায়িকা সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে টুনি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। এই চলচ্চিত্রে রিয়াজের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এরপর বড় পর্দায় আর দেখা না গেলেও টিভি নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন তিনি।

নাইস নূর