এনটিভিতে দিতির ‘আলোছায়া’
‘দিতি আপার সঙ্গে ১৬টির বেশি নাটক করেছি আমি। এ ছাড়া সবাই জানে প্রত্যেক মা দিবসে দিতি আপাকে নিয়েই আমি নাটক করি। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। দিতি আপার অভিনয় যেমন আমার ভীষণ ভালো লাগে তেমনি মানুষ হিসেবেও তিনি অতুলনীয়’, দিতি সম্পর্কে জানতে চাইলে এভাবে উত্তর দেন পরিচালক চয়নিকা চৌধুরী।
এনটিভিতে আজ রাত ১১টা ৪৫ মিনিটে প্রচারিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘আলোছায়া’। চয়নিকা চৌধুরীর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন দিতি। নাটকে আরো অভিনয় করেছেন অপূর্ব, রিচি সোলায়মান ও সৈয়দ হাসান ইমাম।
‘আলোছায়া’ নাটকটি ২০১৪ সালে ২৬ মার্চে এনটিভিতে প্রচার হয়েছিল। নাটকটি আজ পুনঃপ্রচারিত হচ্ছে, তাই বেশ খুশি নাটকের পরিচালক চয়নিকা চৌধুরী।

এনটিভি অনলাইনকে চয়নিকা চৌধুরী বলেন, ‘এ নাটকের গল্প চমৎকার। নাটকটি আবারও প্রচারিত হচ্ছে জেনে ভালো লাগছে। নাটকের গল্প, দুজন বীরাঙ্গনা ও যুদ্ধশিশুকে ঘিরে। যাঁরা নাটকটি আগে দেখেছেন তাদের তো গল্পটা জানা আছে। আর যাঁরা নাটকটি আজ দেখবেন, আশা করছি তাঁদেরও ভালো লাগবে।’
এদিকে ‘আলোছায়া’ নাটকের কাহিনীটা এ রকম- বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন রাশেদ চৌধুরী। তার বিয়ে হয়েছিল, কিন্তু সেই সংসার টেকেনি। রাশেদ আর তার বৃদ্ধ মা এক সঙ্গেই থাকে। একপর্যায়ে ফেসবুকের মাধ্যমে রাশেদের পরিচয় হয় অপরাজিতার। সুইডেনের এক পরিবার যুদ্ধের সময় অপরাজিতাকে বাংলাদেশ থেকে দত্তক নিয়েছিল। অপরাজিতা কখনোই বাংলাদেশে আসেনি। রাশেদের সাহায্যে তার বাংলাদেশে আসার সুযোগ হয়। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে।

নাইস নূর